১৯৯৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার চলচ্চিত্র দ্য ম্যাট্রিক্স মনে আছে? ছবিটির বয়স এক-চতুর্থাংশ শতাব্দীরও বেশি। তবু একুশ শতকের প্রযুক্তিনির্ভর এমন এক ভয়ংকর ভবিষ্যতের প্রতীক হয়ে উঠেছে এটি, যা এখন ক্রমেই বাস্তবসম্মত বলে মনে হচ্ছে।ছবিটির কাহিনি একটু মনে করিয়ে দেওয়া যাক। নিও নামের এক কম্পিউটার হ্যাকার আবিষ্কার করে, যন্ত্রেরাই আসলে মানবজাতিকে শাসন করছে। তারা মানুষকে বিশেষ এক ধরনের আবদ্ধ কক্ষে আটকে রেখেছে। মানুষের মনকে ডুবিয়ে রেখেছে ভার্চুয়াল জগতে। এই কৃত্রিম জগতের উদ্দেশ্য মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ও নিষ্ক্রিয় রাখা। ছবির নাম অনুসারে এই ভার্চুয়াল জগতের নাম ‘ম্যাট্রিক্স’। একসময় নিও বুঝতে পারে, সে আসলে কোন পৃথিবীতে বাস করছে। তখন সে অস্ত্র হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্রান্সের তরুণ প্রজন্ম কি আজ এমনই এক জাগরণের মধ্য দিয়ে যাচ্ছে? সরকারের বাধ্যতামূলক ডিজিটাল বিরতির সিদ্ধান্ত কি উল্টো ফল দিয়েছে? এর ফলে কি এমন মাত্রায় বিক্ষোভ ও দাঙ্গার সৃষ্টি হয়েছে, যার পরিণতিতে সেনাবাহিনীকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে?
চলতি অক্টোবর মাসে ফ্রান্সের কয়েক লাখ তরুণ শিক্ষার্থী স্কুল ছেড়ে রাজপথে নেমেছে। তারা ব্যাপক বিক্ষোভে যোগ দিয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে ফ্রান্সের জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো সংস্কার এবং স্নাতক সম্পন্ন করা প্রত্যেক শিক্ষার্থীর পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়ে পড়ার অধিকার ফিরিয়ে দেওয়া। তবে তাদের সবচেয়ে বড় দাবি, ‘একোল দ্য লা রিপাবলিক’ বা প্রজাতন্ত্রের শিক্ষাব্যবস্থাকে আবারও সামাজিক উন্নতির প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। ফ্রান্সের এই সরকারি শিক্ষাব্যবস্থার লক্ষ্য ছিল সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু এখন তরুণদের কাছে মনে হচ্ছে, জীবনে উন্নতি করার সুযোগ কেবল ক্রীড়াতারকা, ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের জন্যই রয়েছে। এসব সমস্যা নতুন নয়। কিন্তু এখনই কেন এত বড় প্রতিক্রিয়া?
প্যারিসের শিক্ষক মারা গোয়ে মনে করেন, সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত এই গণবিক্ষোভের সূচনা করতে সাহায্য করেছে। তার মতে, শিক্ষার্থীরা হঠাৎ নিজেদের পরিচিত ভার্চুয়াল জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ফোনের পর্দা থেকে চোখ তুলে তারা নিজেদের চারপাশের বাস্তব পৃথিবীর দিকে তাকাতে বাধ্য হয়েছে। এতদিন যে কঠিন বাস্তবতাকে তারা ফোনের মাধ্যমে উপেক্ষা করে চলেছিল, এখন আর তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মারা গোয়ে তার লেখায় এমনটাই বলেছেন।ইমানুয়েল মাখোঁ তার ব্যর্থ দ্বিতীয় মেয়াদের একটি রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে পর্দার বিরুদ্ধে যুদ্ধকে বেছে নিয়েছেন।
২০২৪ সালে এলিসি প্রাসাদ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও মনোরোগ বিশেষজ্ঞসহ একদল বিশেষজ্ঞকে ডিজিটাল প্রযুক্তির প্রভাব বিশ্লেষণের দায়িত্ব দেয়। তাদের প্রতিবেদনে দেখা যায়, ফ্রান্সের ১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণরা প্রতিদিন পাঁচ ঘণ্টারও বেশি সময় মোবাইল ফোনের পর্দায় তাকিয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এর পরিণতিতে তাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমছে। তারা শারীরিকভাবে কম সক্রিয় হয়ে পড়ছে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের নানা সমস্যাও দেখা দিচ্ছে। এই প্রতিবেদনের ভিত্তিতে ২১ জুলাই দেশটির জাতীয় পরিষদ একটি আইন পাস করে। আইনে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়। নতুন শিক্ষাবর্ষ থেকে আইনটি কার্যকর হওয়ার কথা ছিল।
বিষয়টি কিছুটা বিস্ময়কর। বামপন্থি দল ফ্রান্স ইনসুমিজ (এলএফআই) এই আইনের বিরোধিতা করেছিল। তাদের অভিযোগ ছিল, এটি ‘ডিজিটাল অভিভাবকত্বের এক ধরনের রূপ’। অর্থাৎ তরুণদের ডিজিটাল জীবন নিয়ন্ত্রণের নামে সরকার তাদের ওপর অতিরিক্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। অন্যদিকে, কট্টর ডানপন্থি দল রাসেম্বলমঁ নাসিওনাল ভোটদানে বিরত ছিল।
তবে সাংবিধানিক আদালত দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। কিন্তু গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরল, তখন শিক্ষকরা তাদের মোবাইল ফোন লকারে জমা রাখতে অথবা বিশেষ সিল করা খাপে বন্ধ করে রাখতে বলছিলেন। প্যারিসের উপকণ্ঠের একটি স্কুলের এক শিক্ষক লে গ্রঁ কঁতিনঁ পত্রিকায় নাম প্রকাশ না করে লিখেছেন, মোবাইল ফোন নিষিদ্ধ হওয়ার পর শ্রেণিকক্ষের চিত্র কীভাবে বদলে গেছে। তার বর্ণনায়,
‘ক্লাসের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই, যা শিক্ষার্থীদের জন্য এক ধরনের প্রয়োজনীয় শৃঙ্খলা তৈরি করে, তাদের মস্তিষ্ক যেন বন্ধ হয়ে যেত। প্রায় ৩০টি মস্তিষ্ক ছবির নেশায় নিঃশেষ হয়ে পড়ত। আমার শ্রেণিকক্ষ পরিণত হয়েছিল একদল জীবন্ত জড় মানুষের আস্তানায়। কিন্তু এ বছর মোবাইল ফোন ছাড়াই আমার শিক্ষার্থীরা অনেক বেশি প্রাণবন্ত, আগ্রহী, প্রাণচঞ্চল, অগোছালো, চঞ্চল ও শিশুসুলভ হয়ে উঠেছে। তবে তাদের সামলানোও এখন অনেক বেশি কঠিন।’
আরেকজন শিক্ষকও আমাকে প্রায় একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার ভাষায়, স্মার্টফোন আসার পর স্কুলের বিরতির সময়গুলো ক্রমেই নীরব হয়ে পড়েছিল। অনেক শিক্ষার্থী টিকটকের ভিডিও দেখা কিংবা গেম খেলায় মগ্ন থাকত। এখন আবার স্কুলের করিডোরগুলো আগের মতো সরব হয়ে উঠেছে। সেখানে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। একটি অভিন্ন রাজনৈতিক চেতনা গড়ে উঠতে হলে মানুষকে বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে হয়। একে অন্যের সঙ্গে কথা বলতে হয়। পারস্পরিক আস্থা তৈরি করতে হয়। ফ্রান্সের শিক্ষার্থীদের মধ্যে সেটিই ঘটেছে। আর যারা এতদিন ডিজিটাল জগতে বন্দি ছিল, সেই শিক্ষার্থীরা আবার বাস্তব জগতে ফিরে এসেছে। তাদের কাছে রাজনৈতিক কর্মকাণ্ড এখন আর শুধু অনলাইনে পোস্ট দেওয়া বা মন্তব্য করার মধ্যে সীমাবদ্ধ নেই। তারা রাজপথেও নেমে আসছে।
ফ্রান্সের ছাত্র আন্দোলনের ইতিহাসের সঙ্গেও বিষয়টি বেশ সামঞ্জস্যপূর্ণ। ১৯৬৮ সালের মে মাসে যে ছাত্র আন্দোলন ফ্রান্সের ইতিহাসে যুগান্তকারী বিক্ষোভে রূপ নিয়েছিল, তার সূচনাও হয়েছিল আরেকটি নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে। প্যারিস বিশ্ববিদ্যালয়ের নঁতের ক্যাম্পাসের ছাত্রাবাসে নারী ও পুরুষ শিক্ষার্থীদের একসঙ্গে রাত কাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকেই আন্দোলনের সূত্রপাত।
১৯৬৮ সালের পূর্বসূরিদের মতো প্রতিবাদে নেমে আজকের শিক্ষার্থীরাও সাময়িকভাবে এমন এক সমাজব্যবস্থাকে ব্যাহত করেছে, যাকে ফরাসি চিন্তাবিদ গি দেবোর ‘সমাজের দৃশ্যায়ন’ বা ‘সোসাইটি অব দ্য স্পেকট্যাকল’ বলে বর্ণনা করেছিলেন। এটি এমন এক পৃথিবী, যেখানে অসংখ্য ছবি, লোকদেখানো কর্মকাণ্ড এবং গণমাধ্যমের মাধ্যমে প্রচারিত তথ্যের স্রোত বাস্তবতাকে আড়াল করে রাখে। সেখানে মানুষ বাস্তবতার সরাসরি অভিজ্ঞতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু এবার ঘটেছে ভিন্ন কিছু। এখানে মানুষ বাস্তবতার প্রত্যক্ষ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। ১৭ অক্টোবর প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে কাঁদানে গ্যাসের ধোঁয়ায় যখন রাজপথ আচ্ছন্ন হয়ে পড়েছিল, তখন একসঙ্গে দাঁড়িয়ে নতুন প্রজন্মের ফরাসি নাগরিকরা এক অভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে। তারা বুঝতে পেরেছে, রাজনৈতিক জীবনে তারা কেবল দর্শক নয়। চাইলে নিজেরাও সক্রিয় ভূমিকা রাখতে পারে।
সরকারের বাধ্যতামূলক ডিজিটাল বিরতি সত্যিই এ আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছে কি না, তা সমাজবিজ্ঞানীদের গবেষণা করে দেখতে হবে। কারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই তাদের আন্দোলনের পরিকল্পনা করেছে। একই সঙ্গে যে স্মার্টফোন ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে তারা স্কুলে বিচ্ছিন্ন ছিল, সেগুলো ব্যবহার করেই বিক্ষোভের সরাসরি সম্প্রচার করা হয়েছে। ফলে এটি এক ধরনের মিশ্র আন্দোলন। এখানে ডিজিটাল জগৎ ও বাস্তব জগৎ একসঙ্গে কাজ করেছে। তবে একটি বিষয় এরই মধ্যে পরিষ্কার। শিক্ষার্থীরা মোবাইল ফোন নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবিতে রাজপথে নামেনি। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংগঠন ‘লে লিসেয়াঁ!’-এর সহসভাপতি লুই লেতুবলোঁ বলেছেন, ‘মোবাইল ফোন নিষিদ্ধ করার বিষয়টি অসহনীয়। কারণ এর মাধ্যমে শিক্ষার্থীদের শিশুর মতো বিবেচনা করা হচ্ছে।’
বিক্ষোভের কিছু পোস্টারে লেখা ছিল, ‘আমি প্রাপ্তবয়স্ক, টিকা নেওয়া আছে, তবু স্কুলে আমার ফোন কেড়ে নেওয়া হচ্ছে।’ অন্য একটি পোস্টারে লেখা ছিল, ‘তোমরা আমার ফোন কেড়ে নিতে পারো, কিন্তু আমার কণ্ঠস্বর কেড়ে নিতে পারবে না।’তবে সরকার শিক্ষার্থীদের দাবি জানানোর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেখানে তারা নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারছে। ৬০ হাজারের বেশি শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে পাওয়া প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৭০ শতাংশ শিক্ষার্থী মনে করে, স্কুলের দৈনিক সময়সূচি অনেক দীর্ঘ। ৪৮ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী স্কুলের দুর্বল অবকাঠামোর কথা জানিয়েছে। বিশেষ করে শীতকালে অতিরিক্ত ঠান্ডা এবং গ্রীষ্মকালে অসহনীয় গরমের বিষয়টি তারা তুলে ধরেছে। অন্যদিকে, মাত্র ৯ শতাংশ শিক্ষার্থী মোবাইল ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
ফ্রান্সের তরুণরা উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে রাজপথে নেমেছে। মাখোঁকে অতিরিক্ত কর্তৃত্বপরায়ণ কোনো পিতার মতো মনে করে নয়, যিনি শাস্তি দেওয়ার জন্য সন্তানদের ফোন কেড়ে নেন। দুই বছর আগে মাখোঁ বলেছিলেন, ‘আমাদের পর্দার ওপর আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা জরুরি। কারণ এই পর্দাগুলো প্রায়ই আমাদের বন্দি করে রাখে। অথচ এগুলোর কাজ হওয়ার কথা আমাদের মুক্ত করা।’ এখানেই রয়েছে এক গভীর পরিহাস। কিশোর-কিশোরীদের ম্যাট্রিক্স থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে মাখোঁ হয়তো এমন এক ঝড়ের জন্ম দিয়েছেন, যা তার রাজনৈতিক পতনকে আরও ত্বরান্বিত করেছে।
লেখক: জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনসের সহযোগী ফেলো। জুরিখ ও প্যারিস থেকে গার্ডিয়ানে ইউরোপের জন্য লেখেন। গার্ডিয়ানে প্রকাশিত নিবন্ধটি ভাষান্তর করেছেন তাহমিনা মিলি।

