etcnews
ঢাকাWednesday , 18 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির চাদরে সুবিধাবাদীরা, নোবিপ্রবিকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি ছাত্রদল নেতা জাহিদ হাসানের!

etcnews
November 18, 2026 7:48 pm
Link Copied!

মাহমুদুল হাসীব,নোবিপ্রবি প্রতিনিধি:

০৫ আগস্টের পর নতুন করে বিএনপি পরিচয়ে আবির্ভূত হওয়া এবং দীর্ঘ ১৭ বছর নিষ্ক্রিয় থেকে হঠাৎ সক্রিয় হয়ে ওঠা সুবিধাবাদীদের বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদল নেতা জাহিদ হাসান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) তার ব্যক্তিগত ফেসবুক এ্যাকাউন্টে এ সংক্রান্ত এক পোস্টে জাহিদ হাসান বলেন, নোবিপ্রবিতে বর্তমানে বিএনপির চাদর গায়ে জড়ানোর প্রতিযোগিতা চলছে। অধিকাংশেরই নিজ সংগঠন কিংবা সংগঠনের স্বার্থের প্রতি আন্তরিকতা নেই। বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদমুক্ত করার বিষয়ে তাদের সদিচ্ছা কিংবা সুনির্দিষ্ট পরিকল্পনাও দেখা যাচ্ছে না।

তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিগত ও বর্তমান প্রশাসনের বিভিন্ন ব্যক্তির রাজনৈতিক পদ-পদবি এবং ফ্যাসিবাদী কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত তালিকাভুক্ত করে তুলে ধরেছে নোবিপ্রবি ছাত্রদল। কিন্তু এ বিষয়ে প্রশাসন কিংবা বিএনপির পরিচয় ব্যবহারকারী বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিবাদ বা উদ্যোগ দেখা যাচ্ছে না।

ফ্যাসিবাদ, স্বৈরাচার ও স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আপস করে সহাবস্থানের নামে সুবিধা ভোগকারীদের সতর্ক করে জাহিদ বলেন, কারও অতীত কিংবা বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে তার জবাব দিতে হবে। তিনি যত বড় পদেই থাকুন না কেন, জবাবদিহির ঊর্ধ্বে কেউ নন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদী মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ শিক্ষার্থী গ্রাম থেকে উঠে এসেছেন। তাদের প্রতিবাদী ভাষা ও সাহসকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষাকে দুর্বল ভাবলে ভুল হবে।

তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদী দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য-উপাত্ত আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তা এবং ছাত্রলীগকে সরবরাহ করে সহযোগিতা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী শক্তিকে পুনরায় সক্রিয় রাখার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

বক্তব্যের শেষাংশে জাহিদ হাসান বলেন, এখনই সময় নোবিপ্রবিকে ফ্যাসিবাদমুক্ত করার। যারা বিএনপির পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করছেন এবং ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আপস করে চলছেন, তাদের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।