ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক বাস নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এ বাসটির নিলাম প্রক্রিয়া বাতিল করে ক্যাম্পাসে যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বুধবার (১৮ নভেম্বর) সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বেগম খালেদা জিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাসটি উপহার দেন। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেওয়া এটিই ছিল তার প্রথম উপহার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাসটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আবেগ, ভালোবাসা ও অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে।বাসটি কেবল একটি সাধারণ যানবাহন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এমন একটি ঐতিহাসিক ও আবেগঘন স্মারক নিলামে বিক্রি করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বলেন , অবিলম্বে বাসটির নিলাম প্রক্রিয়া বাতিল করে যথাযথ মর্যাদায় ক্যাম্পাসে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ বলেন, “প্রশাসনের নির্দেশনার আলোকে পুরাতন গাড়িগুলো নিলামে বিক্রি করা হয়েছে। স্মৃতিরক্ষার্থে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দাবির বিষয়ে আমরা অবগত হয়নি।”
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পুরোনো তিনটি নন-এসি বাস, বিভিন্ন সাইজের পুরোনো টায়ার-টিউব ও লোহালক্কড় বিক্রির জন্য উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীর স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে এসব মালামাল বিক্রির তথ্য জানানো হয়।
/কানিজ/সৈকত

