অবশেষে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন লিটন দাস। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের একক বিশ্বরেকর্ড এখন এই বাংলাদেশীর দখলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিং মিলিয়ে ৮টি ডিসমিসাল করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জোনানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে লিটন এই কীর্তি গড়েন। আগের দিনের ছয়টি ক্যাচের সঙ্গে আজ মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে যৌথভাবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে ভাগ বসান লিটন। রিকেলটনের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে বাকি ছিল আরও মাত্র দুটি উইকেট। লিটনের রেকর্ডের পূর্ণতা আসে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করার মধ্য দিয়ে। পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর তৃতীয় বলে স্টাম্পিংয়ের শিকার হন রাবাদা। তাকে ফিরিয়ে এক ইনিংসে লিটনের ডিসমিসাল সংখ্যা দাঁড়ায় আটে।এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচজনের। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। এবার তাদের ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন লিটন।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে লিটনের এই রেকর্ড গড়ার দিনে অবশ্য স্বস্তিতে নেই বাংলাদেশ। রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দীর্ঘ প্রতিরোধে বড় সংগ্রহ পেয়েছে সফরকারীরা। নবম উইকেটে রাবাদার সঙ্গে রিকেলটনের ১১৭ রানের জুটি বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখে।শেষ পর্যন্ত রিকেলটন ও রাবাদাকে ফেরালেও এখনো গলার কাটা হয়ে ক্রিজ আঁকড়ে রেখেছেন টেম্বা বাভুমা। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ড্যান প্যাটেরসন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৩ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৫৫৬ রান । তাতে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ রানে।
প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের কল্যাণে ৪০০ রান করেছিল বাংলাদেশ।

