etcnews
ঢাকাWednesday , 18 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করতে যবিপ্রবির এআইসিএইচইর অভিনব উদ্যোগ

etcnews
November 18, 2026 5:41 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:
স্কুলশিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও রাসায়নিক প্রকৌশল বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই (আমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স)। ‘কে-১২’ নামের এ কর্মসূচির আওতায় হাতে-কলমে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে দিচ্ছেন সংগঠনটির সদস্যরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোরের চৌগাছা উপজেলার সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি পরিচালনা করেন কে-১২-এর সমন্বয়ক মায়মুনা তাসনিমসহ এআইসিএইচইর অন্যান্য সদস্যরা।

কর্মসূচিতে এলিফ্যান্ট টুথপেস্ট, লাভা ল্যাম্প ও ব্লু বটল এক্সপেরিমেন্টসহ বিভিন্ন মজার ও শিক্ষণীয় বৈজ্ঞানিক পরীক্ষা প্রদর্শন করা হয়। এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয় সহজে বুঝতে পারে। পাশাপাশি তাদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, কৌতূহল ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।

কর্মসূচিটি মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এর আগে যবিপ্রবির মাধ্যমিক বিদ্যালয়েও কে-১২-এর একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতে এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান ও রাসায়নিক প্রকৌশলকে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করবেন।

কে-১২ কর্মসূচির সমন্বয়ক মায়মুনা তাসনিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করাই আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পাঠ্যবইয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় তাত্ত্বিকভাবে পড়ে, কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলোর বাস্তব প্রয়োগ সম্পর্কে জানার সুযোগ পায় না। আমরা হাতে-কলমে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রদর্শনীর মাধ্যমে তাদের সেই সুযোগ তৈরি করে দিতে চাই। এতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বিজ্ঞানের বিষয়গুলো শিখতে পারবে এবং তাদের মধ্যে জানার আগ্রহ ও কৌতূহল বাড়বে। আমাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনায় উৎসাহিত হবে এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষায় নিজেদের আগ্রহী করে তুলবে।

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।