বিশ্বে পারমাণবিক অস্ত্রধর দেশের সংখ্যা মাত্র নয়টি। এর মধ্যে অন্যতম পাকিস্তান। প্রতিবেশী ভারতের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতার কারণে দেশটি পারমাণবিক অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে। কিন্তু বিশ্বের অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর তুলনায় পাকিস্তানের অবস্থান কোথায়? দেশটির হাতে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে? আর এই তালিকায় আলোচিত দেশ ইরান নেই কেন?স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) ২০২৬ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধর দেশের হাতে সব মিলিয়ে প্রায় ১২ হাজার ১৮৭টি ওয়ারহেড রয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া।
এই তালিকায় পাকিস্তানের হাতে আনুমানিক ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সংখ্যার দিক থেকে দেশটির অবস্থান সপ্তম। পাকিস্তানের প্রতিবেশী ভারতের হাতে রয়েছে আনুমানিক ১৯০টি ওয়ারহেড।
কোন দেশের হাতে কত অস্ত্র?
বিশ্বের পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় ভান্ডার রাশিয়ার হাতে। দেশটির কাছে আনুমানিক ৫ হাজার ৪৫৯টি ওয়ারহেড রয়েছে। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র, তাদের হাতে প্রায় ৫ হাজার ১৭৭টি।
অন্য দেশগুলোর মধ্যে চীনের হাতে আনুমানিক ৬০০টি, ফ্রান্সের ২৯০টি এবং যুক্তরাজ্যের ২২৫টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ভারতের হাতে ১৯০টি, পাকিস্তানের ১৭০টি, ইসরায়েলের ৯০টি এবং উত্তর কোরিয়ার ৫০টি।
তালিকায় ইরান নেই কেন
ইরানকে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্রধর হিসেবে স্বীকৃত বা তালিকাভুক্ত করা হয়নি। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগ ও বিতর্ক থাকলেও পারমাণবিক বোমার মালিক হওয়ার বিষয়টি প্রমাণিত নয়। তবে ইরান পারমাণবিক প্রযুক্তি নিয়ে গবেষণা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা জ্বালানি উৎপাদন করে। দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাও রয়েছে। তবে কোনো দেশের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক সক্ষমতা থাকলেই তাকে পারমাণবিক অস্ত্রধর দেশ বলা যায় না।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অস্ত্র তৈরির সম্ভাব্য সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের ২০২৬ সালের বিশ্লেষণেও বলা হয়েছে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নেই।
পারমাণবিক অস্ত্রে পাকিস্তান
পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির শুরু ১৯৭০-এর দশকে। ১৯৭১ সালের যুদ্ধে ভারতের কাছে পরাজয় এবং ১৯৭৪ সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পাকিস্তানকে নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও উৎসাহিত করে।
১৯৯৮ সালের ২৮ মে বেলুচিস্তানের চাগাই এলাকায় প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় পাকিস্তান। একই মাসের ৩০ তারিখে দ্বিতীয় দফায় পরীক্ষা চালানো হয়। এর মধ্য দিয়ে দেশটি প্রকাশ্যে নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা জানান দেয়।
ভারতের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা
দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান বিবেচনা ভারত। কাশ্মীরসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি।
পাকিস্তানের শাহিন, গৌরি ও নাসর সিরিজের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এ ছাড়া বাবর নামের ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে তাদের অস্ত্রভান্ডারে। দেশটির শাহিন-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার ৭৫০ কিলোমিটার।
আরও বাড়তে পারে অস্ত্রের সংখ্যা
পাকিস্তান সরকার তাদের পারমাণবিক অস্ত্রের প্রকৃত সংখ্যা প্রকাশ করে না। তাই ১৭০টি ওয়ারহেডের হিসাবটি গবেষকদের অনুমান। দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো, প্লুটোনিয়াম উৎপাদন সক্ষমতা এবং নতুন ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমের কারণে ভবিষ্যতে অস্ত্রভান্ডার আরও বাড়তে পারে বলে মনে করছেন গবেষকেরা।
বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর আলোচনা থাকলেও নয়টি দেশই নিজেদের অস্ত্রভান্ডার আধুনিক করছে। এতে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও সংঘাতের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র:
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি)

