পাকিস্তানের মধ্যস্থতায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল সরাসরি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা মূলত পরোক্ষভাবে বা আলাদাভাবে চলছিল। তবে এবার পাকিস্তানি প্রতিনিধিদলের উপস্থিতিতে দুই দেশের আলোচকরা প্রথমবার মুখোমুখি বসেছেন বলে জানিয়েছে বিবিসি ফারসি বিভাগের এক সংবাদদাতা। তার মতে, এই ঘটনা দুই দেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১৯৭৯ সালে ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর বৈরিতাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। একই তথ্য আল জাজিরাও নিশ্চিত করেছে, যেখানে বলা হয়েছে— ইসলামাবাদে ইতোমধ্যেই দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদল শনিবার সকালে সেখানে পৌঁছে বৈঠকে যোগ দেয়।
এর আগে শনিবার পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। মার্কিন দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে এই ত্রিপক্ষীয় বৈঠক ভবিষ্যতে কূটনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
এসএসকে/

