স্পেনে আজ রোববারের (২৯ নভেম্বর) নির্বাচনে নির্ধারিত হবে বামপন্থি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আরেক মেয়াদে ক্ষমতায় থাকবেন, নাকি রক্ষণশীলদের কাছে ক্ষমতা হারাবেন। জনমত জরিপে এগিয়ে থাকা রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সরকার গঠন করলে কট্টর ডানপন্থি দল ভক্সের সঙ্গে জোট করতে হতে পারে। এমনটি হলে ১৯৭৫ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জাতীয় সরকারে জায়গা পাবে কট্টর ডানপন্থিরা।ইউরোপজুড়ে অভিবাসনবিরোধী মনোভাবের উত্থানের মধ্যে স্পেনের এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভক্স অভিবাসনে কঠোর নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ, কর কমানো এবং বিভিন্ন উদার সামাজিক নীতি বাতিলের পক্ষে।
৩৫০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ১৭৬টি আসন। ভোট গ্রহণ শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়, শেষ হবে রাত ৮টায়। এরপর প্রকাশ করা হবে নির্বাচনের শেষ সপ্তাহের জরিপের ফল। প্রথম নির্বাচনি ফল আসতে পারে প্রায় এক ঘণ্টা পর।
২০১৮ সাল থেকে দুর্বল জোটের ওপর নির্ভর করে সরকার চালাচ্ছেন সানচেজ। আবাসন সংকট মোকাবিলায় তার প্রস্তাবিত পদক্ষেপ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ায় আগাম নির্বাচন ডাকেন তিনি। বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদ সমস্যা নিয়েও প্রচারে দুই পক্ষের মধ্যে ব্যাপক বিতর্ক হয়েছে।সানচেজ দাবি করছেন, ছোট বামপন্থি দলগুলোর সমর্থন নিয়ে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। তবে অধিকাংশ জরিপে পিপি ও ভক্সের সম্মিলিত আসনসংখ্যা বেশি হওয়ার আভাস মিলেছে। বিশ্লেষকদের ধারণা, পিপি-ভক্স জোটই সবচেয়ে সম্ভাব্য পরিণতি। তবে মন্ত্রিসভায় ভক্সের অংশীদারত্ব নিয়ে দর-কষাকষি হতে পারে।
সানচেজ তার সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রম সংস্কারের সাফল্যের কথা তুলে ধরছেন। কিন্তু আবাসন, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ সেই সুফল পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অভিবাসীদের অর্থনৈতিক অবদান তুলে ধরে অভিবাসনবিরোধী অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছেন তিনি।
অন্যদিকে পিপি অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা বন্ধ এবং তৃতীয় দেশে ফেরত পাঠানোর নীতি নিতে চায়। ভক্স অপরাধে দণ্ডিত বিদেশিদের বহিষ্কার এবং আবাসন বরাদ্দে স্পেনীয়দের অগ্রাধিকার দেওয়ার পক্ষে।
দুর্নীতির অভিযোগ, পরিবারের সদস্যদের বিতর্ক এবং কয়েকটি বড় সংকটও সানচেজের ভাবমূর্তিতে চাপ তৈরি করেছে। পার্লামেন্টে সরকার গঠনের ভোটে কোনো প্রার্থী দুই মাসের মধ্যে আস্থা অর্জনে ব্যর্থ হলে আবারও নির্বাচন হবে।
সূত্র : রয়টার্স

