স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজকের নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে যৌথভাবে ইসির সঙ্গে আলোচনায় বসতে চায় দলটি।রোববার (২৯ নভেম্বর) সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে একসঙ্গে আন্দোলনরত ১১ দলের শীর্ষ নেতাদের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী জামায়াত। এ বিষয়ে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান জানানো হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মতবিনিময়। প্রথম দিন ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসার কথা কমিশনের। শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান।সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইসির তালিকা অনুযায়ী, প্রথম দিন সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
দ্বিতীয় দিন বিএনপিসহ ১৯টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। অন্য দলগুলো হলো গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।
শেষ দিন ১৮টি দলের মধ্যে রয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ সুপ্রিম পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
ইসি সূত্র জানায়, বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

