etcnews
ঢাকাSaturday , 28 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

etcnews
November 28, 2026 5:39 pm
Link Copied!

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মস্কোকে সামরিক সহায়তা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে উত্তর কোরিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির নেতা কিম জং উন নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে মস্কো বা পিয়ংইয়ং কোনো পক্ষই এখন পর্যন্ত এ দাবি নিশ্চিত বা নাকচ করেনি। খবর ইউরো নিউজের।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর (এইচইউআর) বুধবার জানায়, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো গত অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনে মস্কোর সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার ওই মন্তব্যকে নিজেদের প্রতি অবমাননাকর হিসেবে নিয়েছে পিয়ংইয়ং।ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার দাবি, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই মন্তব্যগুলোকে দুই দেশের মিত্রতা চুক্তির চেতনার সঙ্গে অসংগতিপূর্ণ বলে আখ্যা দেন। একই সঙ্গে সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন। এ সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন কিম জং উন।

গোয়েন্দা সংস্থাটির তথ্য অনুযায়ী, সহায়তা স্থগিতের অংশ হিসেবে রাশিয়ার সামরিক পরিবহন বিমানকে উত্তর কোরিয়ার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি রাশিয়ায় কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং নতুন করে কামানের গোলাবারুদ পাঠানোও বন্ধ রাখা হয়েছে।এ
ছাড়া রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরীয় সেনাসদস্যের সংখ্যা ৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার করার অনুরোধও আপাতত পূরণ করছে না পিয়ংইয়ং বলে দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা।

তবে রুদেনকো প্রকাশ্যে ঠিক এ ধরনের কোনো মন্তব্য করেননি। ২০ অক্টোবর রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মস্কো প্রস্তুত।

তিনি বলেন, ইউক্রেনের পরিস্থিতির সঙ্গে অন্য কোনো দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে এক করে দেখে না মস্কো। দক্ষিণ কোরিয়ার অংশীদারেরা বাস্তব কোনো পদক্ষেপ নিলে রাশিয়া তা স্বাগত জানাবে।

গত ১৬ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেন কিমের ঘনিষ্ঠ সহযোগী ও পলিটব্যুরোর প্রেসিডিয়াম সদস্য চো ইয়ং ওন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আগের দিন এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এ দাবি নিয়ে মস্কো বা পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের জুনে পুতিন ও কিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ সামরিক অংশীদার হয়ে ওঠে উত্তর কোরিয়া। ওই বছরের শেষ দিকে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযানে উত্তর কোরীয় সেনাদের মোতায়েন করে মস্কো।

রাশিয়া এখনো অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য উত্তর কোরিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর বিনিময়ে পিয়ংইয়ং রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি, কাঁচামাল ও আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কাছ থেকে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে বলে ধারণা করা হয়।

উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে ১০ লাখের বেশি সদস্য রয়েছে। জনবলের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীগুলোর একটি।

সূত্র : ইউরো নিউজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।