অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে ছয় মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে বক্তব্য দিয়েছেন দেশটির স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিনেটে একটি বিল নিয়ে আলোচনার সময় মেয়েকে সঙ্গে নিয়েই বক্তব্য দেন তিনি। তার এই ব্যতিক্রমী উপস্থিতি সংসদ সদস্যদের মধ্যে হাসি ও আনন্দের মুহূর্ত তৈরি করে।পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী ফাতিমা দেশটির প্রথম হিজাব পরিহিত ফেডারেল সংসদ সদস্য। মঙ্গলবার সিনেটে ডিজিটাল সেবাদাতাদের দায়িত্ব ও কর্তব্যসংক্রান্ত একটি আইন নিয়ে আলোচনা চলছিল। এ সময় ছয় মাস বয়সী মেয়ে আলিয়াহকে কোলে নিয়ে বক্তব্য দেন তিনি।সিনেটের অধিবেশনের ভিডিওতে দেখা যায়, ফাতিমা বক্তব্য দেওয়ার সময় তার পেছনে বসা স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলায় মেতে ওঠেন। অন্য সিনেটরদেরও শিশুটির দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। সংসদের নিয়মিত কার্যক্রমের মধ্যে এ দৃশ্য উপস্থিত সদস্যদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়।
অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও মেয়েকে নিয়ে পার্লামেন্টে এসেছেন ফাতিমা। গত চলতি বছরের ৮ সেপ্টেম্বরও তাকে সিনেট কক্ষে আলিয়াহকে কোলে নিয়ে দেখা গিয়েছিল।অস্ট্রেলিয়ার ইতিহাসে দায়িত্ব পালনরত অবস্থায় সন্তান জন্ম দেওয়া পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর ফাতিমা। মাতৃত্ব, সন্তান জন্মের পর শারীরিক ও মানসিক পুনরুদ্ধার এবং সন্তান জন্মের পর কর্মক্ষেত্রে ফিরে আসার চ্যালেঞ্জ নিয়েও পার্লামেন্টে কথা বলেছেন তিনি।
এক বক্তব্যে মাতৃত্বকে গভীর আনন্দের অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করলেও এর নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন ফাতিমা। তার মতে, পরিবার ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে নারীদের নানা ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
সূত্র : আলজাজিরা

