পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থী চলন্ত বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ফারজানা তাসনুর (আইডি: ২৫০৩০৪৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার একটি বাসে ওঠার সময় বরিশালের গাড়িকে পটুয়াখালীর গাড়ি মনে করে তিনি বাসটিতে উঠে পড়েন। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে চলন্ত অবস্থায় বাস থেকে নামার চেষ্টা করলে তিনি আহত হন।
ঘটনার পর তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে করা এক্স-রে রিপোর্ট অনুযায়ী, তার পা ভেঙে যায়নি। তবে পায়ে ফ্র্যাকচারজনিত আঘাত রয়েছে বলে জানা গেছে। চিকিৎসার জন্য তার দুই ব্যাগ রক্তের প্রয়োজন বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম বলেন, “আমি এ বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছি। তবে এই মুহূর্তে ঢাকায় আছি। আমি উক্ত বাসের চালকের সঙ্গে কথা বলেছি।❞
এ বিষয়ে তিনি আরও বলেন, ❝শিক্ষার্থীর অবস্থা ও বাকি বিষয়গুলো সম্পর্কে আমি ঢাকা থেকে ফিরে নিশ্চিত হয়ে পরিবহন শাখার অবস্থান জানাতে পারব। তবে আমি শিক্ষার্থীদের বলতে চাই, তারা যেন বাসে চলাচলের ক্ষেত্রে নিজেদের নিরাপত্তার কথা মাথায় রাখে।”
এদিকে আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
/কানিজ/মুশতাক

