etcnews
ঢাকাMonday , 9 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

এনভিডিয়া প্রধানের ওপর নজরদারি চালানো কে এই চীনা গুপ্তচর

etcnews
November 9, 2026 4:10 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের আড়ালে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে প্রযুক্তি খাতের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে। জেনসেন হুয়াংকে লক্ষ্য করে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন তিনি। খবর এএফপির।হুয়াং লে নামেও পরিচিত এই নারীর বিষয়ে প্রকাশ্যে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তিনি সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের একজন শীর্ষ কর্মকর্তা ছিলেন।

প্রথমবারের মতো জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির পরিকল্পনার খবর প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং চীনের নাগরিক এবং বেইজিংয়ের পক্ষ থেকে এনভিডিয়া প্রধানের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব পেয়েছিলেন।

নজরদারি কার্যক্রম সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিস ভালো ইংরেজি বলতে পারেন এবং বৈশ্বিক এআই চিপশিল্পের শীর্ষ পর্যায়ে তার যোগাযোগ রয়েছে। সামরিক কাজে ব্যবহারের সম্ভাবনাসহ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার কারণে এই খাতটি অত্যন্ত সংবেদনশীল।
অনলাইনে অনুসন্ধান করে চীনের একটি তহবিলবিষয়ক তথ্যভান্ডারে অ্যালিস হুয়াংয়ের ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি পাওয়া গেছে। সেখানে তার আগের কর্মস্থল হিসেবে এইচএসবিসি ব্যাংকের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এবং হুনান টিভিতে সাংবাদিক হিসেবেও কাজ করার তথ্য রয়েছে।তবে ওই পরিচিতির তথ্য কিংবা সেটি কে তৈরি করেছেন, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। তালিকায় উল্লেখ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছে সংবাদমাধ্যমটি।

গত সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জেনসেন হুয়াং ও অ্যালিসের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশিত হয়। রোববার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার জন্য গভীরভাবে দুঃখিত বলেও জানান জেনসেন হুয়াং।

২০২৪ সালে একটি প্রযুক্তি খাতের অনুষ্ঠানের পার্টিতে তোলা ছবি লিংকডইনে প্রকাশিত হয়েছিল। ছবিতে চামড়ার জ্যাকেট পরা জেনসেন হুয়াংয়ের পাশে লম্বা চুল ও ঝলমলে গয়না পরা এক নারীকে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই নারীই অ্যালিস হুয়াং।

এর পরের বছর তাইওয়ানের বৃহত্তম প্রযুক্তি প্রদর্শনী কম্পিউটেক্স চলাকালে তাইপেতে একটি চীনা রেস্তোরাঁয় আয়োজিত নৈশভোজেও তাদের দুজনকে দেখা যায়। নৈশভোজটির আয়োজক ছিলেন জেনসেন হুয়াং।

রেস্তোরাঁর কাচের জানালা ও দরজার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকেরা তাদের কর্মকাণ্ড ধারণ করেন। প্রকাশিত সরাসরি সম্প্রচার ও ভিডিওতে দেখা যায়, গোলাপি পোশাক পরা অ্যালিস অন্য অতিথিদের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে জেনসেন হুয়াং তার কাঁধে হাত রাখেন এবং অ্যালিস তার ডান গালে চুমু দেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে জেনসেন হুয়াং রেস্তোরাঁয় ফিরে যাওয়ার সময় অ্যালিসকেও তার পেছনে যেতে দেখা যায়। এ সময় অ্যালিস তার পিঠের নিচের দিকে হাত বুলিয়ে দেন। পরে তারা একই গাড়িতে করে সেখান থেকে চলে যান।

মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত

দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত বছর মার্কিন কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে অ্যালিস হুয়াং গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ হচ্ছিলেন।

ওই সময় অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী ছিলেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়।

মেগাস্পিডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার কম্পিউটিং পাওয়ার ক্লাউড ব্যবসার মূল ব্যবসায়িক অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে।

লিংকডইনে দেওয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় প্রতিষ্ঠানটির কার্যালয় রয়েছে। সেখানে কর্মীর সংখ্যা দুই থেকে ১০ জন এবং সংশ্লিষ্ট সদস্যের সংখ্যা ২৫ বলে উল্লেখ করা হয়েছে।

তবে এএফপি মেগাস্পিডের ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করলে যিনি কলটি ধরেন, তিনি প্রতিষ্ঠানটির বিষয়ে জানেন না বলে জানান। তিনি বলেন, নম্বরটি একটি আবাসিক ফোনের।

সিঙ্গাপুর সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির আগের নাম ছিল সেভেনরোড ইন্টারন্যাশনাল। এর সঙ্গে চীনা গেমিং প্রতিষ্ঠান সেভেনরোডের যোগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়।

জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে এনভিডিয়ার সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপ চীনে রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে এগিয়ে থাকার কৌশল হিসেবেও এ পদক্ষেপকে দেখা হয়।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০২৪ সাল থেকে মেগাস্পিডের কার্যক্রম নিয়ে তদন্ত করছিল মার্কিন সরকার। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপ চীনে পাঠানোর ক্ষেত্রে মধ্যস্থতা বা সহায়তা করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছিল।

এ ছাড়া সিঙ্গাপুরের কর্তৃপক্ষও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির কর্মকর্তারা অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করেন।

সূত্র : এএফপি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।