ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
এসময় সমাবর্তন রেজিস্ট্রেশন উপকমিটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এছাড়াও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সমাবর্তনের বিভিন্ন উপকমিটির আহ্বায়কবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আবেদন করবেন, যেন অনলাইনে নিবন্ধন প্রক্রিয়াটি সহজ হয়। উপকমিটির আহ্বায়কদের সঙ্গে বৈঠকে চলমান ও উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তুলনায় রেজিস্ট্রেশন ফি এক ধাপ কমানোর সিদ্ধান্ত হয়। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্যকালীন ডিগ্রি অর্জনকারীদেরও সমাবর্তনের মাধ্যমে সনদ গ্রহণের অধিকার রয়েছে। তাই তাদেরকেও সমাবর্তনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পোর্টাল তৈরি করা হয়েছে। আগামী ১০ নভেম্বর ২০২৬ থেকে পোর্টালটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা https://convocation.iu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
/কানিজ/সৈকত

