ডিআইইউ প্রতিনিধি:
শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিল্পখাতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিজনেস ক্লাব ও স্কিল জবসের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
২০২৬ সালের ‘ক্যাম্পাস টু করপোরেট (C2C) সেমিনার’-এ এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ শোয়েব, ডিআইইউয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন বুশরা ফেরদৌসী ম্যাম এবং স্কিল জবসের একজন প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ অংশীদারত্বের মাধ্যমে ডিআইইউ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, পেশাগত দক্ষতা অর্জন, শিল্পখাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা এবং ব্যবহারিক শিক্ষার সুযোগ তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এর আওতায় ক্যারিয়ারবিষয়ক সেমিনার, কর্মশালা, বুটক্যাম্প, প্রশিক্ষণ কর্মসূচি এবং শিল্পখাতভিত্তিক বিভিন্ন উদ্যোগ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ডিআইইউ বিজনেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শেখা, যোগাযোগ তৈরি ও নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ বাড়াতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে ক্লাবটি ভবিষ্যতেও কাজ করে যাবে।
/কানিজ/ঋতু

