পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি তানজিদ হাসান জিসান জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
আগামী ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তিনি ‘ক্লাইমেট কানেক্টস’-এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি, নীতিগত অধিকার আদায় এবং জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক নীতিনির্ধারণে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্থানীয় বাস্তবতা ও বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরতে তার এই অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি বৈশ্বিক জলবায়ু আলোচনায় তরুণদের সম্পৃক্ততা ও অভিজ্ঞতা বিনিময়ে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, তানজিদ হাসান জিসানের এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরাম (সিডিএসএফ-পবিপ্রবি)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তার এই অর্জন দেশের আরও অনেক তরুণকে পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে আন্তর্জাতিক এই সম্মেলনে তার অংশগ্রহণ দেশের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু নীতিনির্ধারণ নিয়ে আলোচনার অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এতে বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক, নীতিনির্ধারক ও তরুণ জলবায়ুকর্মীরা অংশগ্রহণ করেন।

