etcnews
ঢাকাSunday , 12 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা

etcnews
July 12, 2026 7:07 pm
Link Copied!

টানা বৃষ্টিপাতের ফলে ঢাকা কলেজের আবাসিক হলপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রতিটি ছাত্রাবাসের সামনের সড়ক পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় খেলার মাঠের অধিকাংশ পানিতে ডুবে থাকায় শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।রোববার (১২ জুলাই) দুপুরে কলেজের আবাসিক হলপাড়া ঘুরে দেখা যায়, হল কেন্দ্রীয় খেলার মাঠ, মসজিদের আশপাশের নিচু এলাকা, নায়েমের গলি থেকে বকুল চত্বর পর্যন্ত বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। প্রায় প্রতিটি আবাসিক হলের সামনেই জলাবদ্ধতার চিত্র চোখে পড়ে।
এদিকে, আবাসিক হলগুলোর পেছনে বসবাসকারী ঢাকা কলেজের কর্মচারীদের বাসাবাড়িতেও জলাবদ্ধতার কারণে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে দক্ষিণায়ন ছাত্রাবাসের পেছনের কর্মচারী কোয়ার্টারগুলোতে কয়েকটি কক্ষে পানি প্রবেশ করতে দেখা যায়। অনেককে প্লেট ও অন্যান্য পাত্র দিয়ে ঘরের পানি সেচে বাইরে ফেলতে দেখা গেছে।

অন্যদিকে, আবাসিক হলপাড়ায় অবস্থিত দুটি খাবার হোটেলেও বৃষ্টির পানি প্রবেশ করেছে। অন্য কেনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা জলাবদ্ধতা উপেক্ষা করেই সেখানে খাবার খেতে আসছেন। ফলে হোটেল কর্তৃপক্ষ ও শিক্ষার্থী উভয়কেই ভোগান্তি পোহাতে হচ্ছে।কলেজের এক আবাসিক শিক্ষার্থী রবিউল বলেন, টানা বৃষ্টির পর হলপাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা। আবাসিক এলাকার বিভিন্ন ডাস্টবিনে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে ড্রেন ও পানি যাওয়ার পথ অনেকাংশে বন্ধ হয়ে যায়। ফলে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত বের হতে পারে না এবং পুরো এলাকায় পানি জমে থাকে। এতে শিক্ষার্থীদের প্রতিদিন চলাচল, খাবার সংগ্রহসহ নিত্যপ্রয়োজনীয় কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া।

আরেক শিক্ষার্থী লিটন মিয়া বলেন, এই জলাবদ্ধতার কারণে আমাদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাইরে জমে থাকা ডাস্টবিনের নোংরা পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলেছে। ফলে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়াও কঠিন হয়ে পড়েছে এবং স্বাস্থ্যঝুঁকিও বেড়ে যাচ্ছে। আমরা চাই, কলেজ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের এ ধরনের দুর্ভোগে পড়তে না হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, কলেজে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। তিনি জানান, আবাসিক হল এলাকায় জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য এরই মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে ঢাকনা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও পানি নিষ্কাশনে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।

হলের পেছনে বসবাসকারী কর্মচারীদের দুর্ভোগ প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, তারা ঢাকা কলেজ পরিবারেরই অংশ। তাই তাদের সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারও বাসায় পানি ঢুকে বসবাস অনুপযোগী হয়ে পড়লে প্রয়োজন অনুযায়ী কলেজের জিমনেসিয়ামে অস্থায়ীভাবে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।