ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-কে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু, গবেষণা প্রকল্প বৃদ্ধি, প্রাক্তন শিক্ষার্থী নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ধারাবাহিকভাবে কাজ চলছে।
শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজিত ‘স্নাতক সমাপনী অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠানে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ডিআইইউর প্রাক্তন শিক্ষার্থী সংগঠনকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগভিত্তিক প্রাক্তন শিক্ষার্থী সংগঠন থাকলেও ‘ডিআইইউ প্রাক্তন শিক্ষার্থী’ নামে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার কাজ চলছে।
তিনি জানান, আগামী ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ চালুর সব ধরনের একাডেমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিভাগটি চালু করতে কিছুটা সময় লাগছে।
গবেষণার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মূল ভিত্তি শুধু পাঠদান নয়, গবেষণাও। শিক্ষকদের গবেষণায় সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদেরও বিভিন্ন গবেষণা প্রকল্পে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের মান ও আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় বর্তমানে ইউজিসির উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (হিট) প্রকল্পে একাধিক গবেষণা প্রস্তাব জমা দিয়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বিভিন্ন গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পেও অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপাচার্য বলেন, সম্প্রতি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগে মেধার ভিত্তিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইজন সাবেক শিক্ষার্থী প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন উল্লেখ করে তিনি বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) করতে ছুটি দেওয়া হচ্ছে এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন সুযোগ-সুবিধা বাস্তবায়ন করা হচ্ছে।
বক্তব্যের শেষদিকে উপাচার্য গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে বিদায় বলে কিছু নেই। এটি আপনাদেরই প্রতিষ্ঠান। আপনারা যেকোনো সময় বিশ্ববিদ্যালয়ে আসবেন, মতামত দেবেন এবং প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালক মোহাম্মদ শাহ আলম চৌধুরী, প্রক্টর ড. মো. আবুল কালাম আজাদ এবং প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

