পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর হলে আয়োজিত ‘চ্যাম্পিয়ন্স প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান খেলার মাঠের দ্রুত সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন উর রশীদ, এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসানুর রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। তবে খেলার মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মাঠের দুরবস্থার কারণে খেলতে গিয়ে দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে, যার মধ্যে একজনের পায়ের হাড় ভেঙে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “মাঠের বর্তমান অবস্থার জন্য সংশ্লিষ্টদের আরও আগে থেকেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আগে মাঠের নিরাপত্তা ও খেলার উপযোগিতা নিশ্চিত করতে হবে। যেখান থেকেই হোক, মাঠ সংস্কারের জন্য দ্রুত অর্থ বরাদ্দ করা হবে এবং মাঠটি দ্রুত খেলার উপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে।”
বক্তব্যের শেষদিকে উপাচার্য খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে, তবে মাঠে অত্যন্ত সতর্কতার সঙ্গে খেলতে হবে।” পরে তিনি টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসানুর রেজা বলেন, “সফলভাবে চ্যাম্পিয়ন্স ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজন করায় আয়োজক কমিটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সম্মিলিত উদ্যোগের ফলেই টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্ট চলাকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি। উপাচার্য মহোদয়ের মাঠ সংস্কারের আশ্বাস বাস্তবায়িত হলে ভবিষ্যতে আরও নিরাপদ ও উন্নত পরিবেশে শিক্ষার্থীদের জন্য এ ধরনের ক্রীড়া আয়োজন করা সম্ভব হবে।”

