etcnews
ঢাকাThursday , 2 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা সপ্তাহ-২০২৬ সমাপ্ত, গবেষণায় নতুন পুরস্কার চালুর ঘোষণা

etcnews
July 2, 2026 7:13 pm
Link Copied!

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘গবেষণা সপ্তাহ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন গবেষণাকে উৎসাহিত করতে শিগগিরই ‘ডিন’স অ্যাওয়ার্ড’ ও ‘ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড’ চালুর ঘোষণা দেন। পাশাপাশি শিক্ষকদের জন্য বেস্ট গবেষক অ্যাওয়ার্ড প্রবর্তনের কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে গবেষণা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গবেষণাকে এগিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থী—উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। গবেষণায় উন্নতি করতে হলে গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহের প্রশংসা করে তিনি বলেন, গবেষণার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে।

উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে অনেকেই দেশে ফিরে আসেন না উল্লেখ করে উপাচার্য বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা শেষে দেশের উন্নয়নে কাজ করা উচিত। তবে বিদেশে উচ্চ বেতনের সুযোগ থাকায় অনেকে দেশে ফিরতে চান না। এ পরিস্থিতিতে দেশে তাঁদের জন্য পে-প্রোটেকশনের ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আগামীতে আরও বড় পরিসরে গবেষণা মেলার আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিটি ফর এডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ-এর কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. শামসুল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।

গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

সমাপনী অনুষ্ঠানে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে প্রকাশিত পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদপত্র এবং অনুষদভিত্তিক গবেষণা আইডিয়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপদের সনদপত্র, বই, ক্রেস্ট ও চেক তুলে দেন প্রধান অতিথি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত আয়োজিত গবেষণা সপ্তাহে গবেষণার বিভিন্ন পদ্ধতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চারটি প্রশিক্ষণ কর্মশালা, গবেষণাবিষয়ক চারটি সেমিনার, গবেষণা আইডিয়া প্রতিযোগিতা এবং একটি বিশেষ অনলাইন সেশন অনুষ্ঠিত হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।