অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণসহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুমানের বৈঠকে এমন আগ্রহের কথা জানানো হয়।শুক্রবার (২৭ নভেম্বর) বার্লিনে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানো, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং অর্থনৈতিক সহযোগিতার অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
শামা ওবায়েদ ইসলাম জ্বালানি নিরাপত্তা, জনমিতিক সুবিধা, অভিবাসন ও চলাচল এবং ভিসা প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন।বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক ও মানবসম্পদ উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জার্মান প্রতিনিধিকে জানান প্রতিমন্ত্রী। নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি, মেয়েদের শিক্ষা, জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিয়েও আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম।
দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তারা। পাশাপাশি অভিবাসন ও কর্মী চলাচলে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে জার্মান পক্ষ।
বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জার্মান প্রতিনিধিরা। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তাদের নিজ দেশে ফেরার বিষয়ে আন্তর্জাতিক সমর্থন জোরদারের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

