etcnews
ঢাকাTuesday , 24 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

etcnews
November 24, 2026 4:48 pm
Link Copied!

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব সমাবর্তন আয়োজনের দাবি জানিয়েছে শাখা ছাত্র ইউনিয়ন সংসদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল-রশিদের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

এসময় শাখা ছাত্র ইউনিয়নের সেক্রেটারী সজীব হোসাইন, সহকারী সেক্রেটারী মোঃ সবুজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, কোষাধ্যক্ষ জীবন শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা এবং সনদ ফি ৫০০ ও ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে একজন গ্র্যাজুয়েটকে মোট ৫ হাজার ৭০০ টাকা পরিশোধ করতে হবে। অথচ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি তুলনামূলক কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিবন্ধন ফি ৩ হাজার টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের দ্বিতীয় সমাবর্তনে স্নাতক পর্যায়ের নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করে ৩ হাজার ৫০০ টাকা করেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, দেশের একটি প্রান্তিক অঞ্চলে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। সংগঠনটি মনে করে, সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়, বরং বিশ্ববিদ্যালয় ও গ্র্যাজুয়েটদের মধ্যে আবেগপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ব্যয় থাকলেও তার সম্পূর্ণ বা অতিরিক্ত আর্থিক বোঝা গ্র্যাজুয়েটদের ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়। সমাবর্তনে যেন কেবল আর্থিকভাবে সচ্ছল শিক্ষার্থীরাই অংশগ্রহণের সুযোগ পান, এমন পরিস্থিতি তৈরি না করে সব গ্র্যাজুয়েটের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো-স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি সর্বোচ্চ ৩ হাজার টাকার মধ্যে নির্ধারণ, মাস্টার্সসহ অন্যান্য পর্যায়ের নিবন্ধন ও সনদ ফি যৌক্তিক ও সহনীয় পর্যায়ে পুনর্নির্ধারণ, ফি কমিয়ে সংশোধিত সমাবর্তন বিজ্ঞপ্তি প্রকাশ এবং সমাবর্তনের ব্যয় ও ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।