তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থবারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে দুপুর ২টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।বোর্ড সূত্রে জানা গেছে, এবারের সভার আলোচ্যসূচিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, গার্মেন্টস শিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা। দ্বিতীয়ত, এ শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা নোটিশে সভার এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বোর্ডের সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। সভায় মালিক পক্ষের প্রতিনিধি শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে লিখিত প্রস্তাব জমা দেন। তবে মালিক পক্ষ শ্রমিকদের জন্য কত টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছে, তা প্রকাশ করতে চাননি বোর্ডের সদস্যরা। সভায় মালিক পক্ষের প্রস্তাব জনসমক্ষে প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।জানা গেছে, মালিক পক্ষ প্রস্তাব জমা দিলে দুপক্ষের প্রস্তাব নিয়ে সভায় মজুরি নির্ধারণের বিষয়ে সুপারিশ নিয়ে আলোচনা হয়। সভা শেষে বিকেল ৫টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের সদস্যরা।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিক পক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন শ্রমিক ও মালিক পক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তার পর আবার দুপক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারে, সভা চলবে। মালিক পক্ষের প্রস্তাবের পরিমাণ প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে বোর্ডের চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক প্রকাশ করা হবে না। এতে কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হতে পারে। বোর্ডের সুপারিশ অনুযায়ী সরকার চূড়ান্ত মজুরি নির্ধারণ করবে এবং তা বাস্তবায়নের দায়িত্ব মালিক পক্ষের। তাই আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও ভাঙচুরের বিষয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে শ্রমিকদের ন্যায্য দাবি যৌক্তিক ও বৈধ উপায়ে তুলে ধরা উচিত। রাস্তায় গাড়ি ভাঙচুরের মতো কর্মকাণ্ড কোনো ন্যায্য দাবিদার শ্রমিকের কাজ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
এদিন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিক পক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। আর মালিক পক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিক পক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।
মালিক পক্ষের প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করছেন না শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার। এর আগে গত ১৬ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। তাদের যুক্তি, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়ি ভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

