নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৪ জানুয়ারির পরিবর্তে আগামী ২১ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন।
সোমবার (২৩ নভেম্বর) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সভায় উপাচার্য বলেন, পূর্বঘোষিত ২৪ জানুয়ারি সরকার ঘোষিত শবে বরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে আগামী ২১ জানুয়ারি ২০২৭ তারিখ সমাবর্তন অনুষ্ঠানের নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় নির্ধারিত তারিখে সুশৃঙ্খল ও সফলভাবে সমাবর্তন আয়োজন করা সম্ভব হবে।
এবারের সমাবর্তনে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, যেসব সাবেক শিক্ষার্থী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ এবং দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে মোট আটটি ইউনিট হিসেবে বিবেচনা করা হবে। প্রতিটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক প্রদান করা হবে। এর মাধ্যমে মেধা ও একাডেমিক উৎকর্ষের যথাযথ মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে।
সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক ও অতিথিদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে উপাচার্য বলেন, পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবির সমাবর্তনের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাফল্য ও সম্ভাবনার খবর দেশবাসীর কাছে তুলে ধরতেও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য এ পর্যন্ত ৪ হাজার ২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

