পবিপ্রবি প্রতিনিধি:
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্যতম প্রাচীন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঘাসফুল’-এর ১৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকেরা অংশ নেন।
দীর্ঘ ১৫ বছর ধরে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা অতিক্রম করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে ঘাসফুল বিদ্যালয়। এ দীর্ঘ পথচলায় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সাবেক ও বর্তমান সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঘাসফুল পরিবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, সংগঠনটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক শাহ্ মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং ঘাসফুলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি মো. নাজমুস সাকিব, সহসভাপতি সানজিদা আক্তার নিশি, সাধারণ সম্পাদক নাফিজ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানে ঘাসফুলের সভাপতি মো. নাজমুস সাকিব সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সংগঠনটির দীর্ঘ পথচলা, কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন। তিনি জানান, LG Ambassador Challenge-এ দেশব্যাপী তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি ঘাসফুল বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীতে সুযোগ পাওয়া সংগঠনটির উল্লেখযোগ্য সাফল্য।
তবে দীর্ঘ ১৫ বছর ধরে কার্যক্রম পরিচালনা করলেও সংগঠনটির নিজস্ব কোনো শ্রেণিকক্ষ কিংবা নির্দিষ্ট কক্ষ নেই। ফলে নিয়মিত পাঠদান পরিচালনা এবং LG Ambassador Challenge থেকে প্রাপ্ত প্রায় ৮ লাখ টাকার শিক্ষা উপকরণ সংরক্ষণে নানা সংকটের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে শিশুদের পাঠদানের জন্য একটি স্থায়ী শ্রেণিকক্ষ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি নির্দিষ্ট কক্ষ বরাদ্দের দাবি জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাসার খান ঘাসফুলের কার্যক্রমের প্রশংসা করেন এবং কক্ষসংক্রান্ত সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সংগঠনটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক শাহ্ মোহাম্মদ আশরাফুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, তাঁর শিক্ষকতা জীবন ও ঘাসফুলের যাত্রা প্রায় একই সময়ে শুরু হওয়ায় দীর্ঘ ১৫ বছরের পথচলায় সংগঠনটির সঙ্গে তাঁর অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে।
অন্যদিকে, ঘাসফুলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী সহপাঠীদের সঙ্গে সংগঠনটি প্রতিষ্ঠার শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বৈরী আবহাওয়ার কারণে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে শিশু শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটা, খেলাধুলা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে এসব আয়োজনের মধ্য দিয়ে ঘাসফুলের ১৫ বছর পূর্তি উদযাপন শেষ হয়।
/কানিজ/মুশতাক

