ইউক্রেনের শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৬০ জন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে মধ্য ইউক্রেনের শহরটিতে এ হামলা চালানো হয়।শহর প্রশাসনের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, হামলায় প্রায় ২৫টি আবাসিক ভবন, একটি হাসপাতাল, কয়েকটি স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ২০ বছর বয়সী এক নারী রয়েছেন। আহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে।
ওলেক্সান্দর ভিলকুল জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর রুশ বাহিনী আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আক্রান্ত হন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশ করা ভিডিওতেও উদ্ধার অভিযান চলাকালে নতুন করে হামলার দৃশ্য দেখা গেছে।এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলেও রুশ হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হওয়ার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ও সন্দেহভাজন একটি ড্রোন ন্যাটো সদস্য পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আছড়ে পড়ে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে ইচ্ছাকৃত উসকানি বলে উল্লেখ করেন। ন্যাটো মহাসচিব মার্ক রুটে শনিবার (২১ নভেম্বর) আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে পোল্যান্ডের ভূখণ্ড রক্ষার অঙ্গীকার করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির চেষ্টা করছেন। চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেন, পুতিন কূটনৈতিকভাবে যুদ্ধের অবসান চান। তবে শনিবার কিয়েভে জেলেনস্কি বলেন, পুতিন সমঝোতায় প্রস্তুত- এ বিষয়ে তিনি ওয়াশিংটনের মতো আশাবাদী নন।
যুদ্ধ বন্ধের আলোচনায় মস্কো এখনো পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। তবে কিয়েভ এ দাবি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে জেলেনস্কি আবারও ন্যাটোর সদস্য হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার আদলে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও ওয়াশিংটনের আলোচনায় রয়েছে।
সূত্র: আল জাজিরা

