জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক ও দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান। নিরাপত্তা পরিষদের সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটেও অন্য প্রার্থীদের চেয়ে বেশি সমর্থন পেয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরোধিতার মুখে তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচিত হলে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব হবেন গ্রিনস্প্যান।
শুক্রবার (২০ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হয়। তবে এতে কোনো প্রার্থীকে চূড়ান্তভাবে বেছে নেওয়া সম্ভব হয়নি। ফলে নতুন মহাসচিব নির্বাচন নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে।সর্বশেষ ভোটে গ্রিনস্প্যান ১০টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে তার বিরুদ্ধে দুটি ভোট পড়েছে, যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বলে ধারণা করা হচ্ছে।
অন্য প্রার্থীদের মধ্যে আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি ৮টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ৩টি ভোট পড়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে, দেরিতে প্রতিদ্বন্দ্বিতায় নামা সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহ ৭টি সমর্থনসূচক ভোট পেলেও স্থায়ী সদস্যদের তিন দেশের বিরোধিতার মুখে পড়েছেন।জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রিনস্প্যান। সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘকে ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তার মতে, ‘বর্তমানে সংস্থাটির সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা না করা।’কোস্টারিকার এই রাজনীতিবিদের পরিবারের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে তার অবস্থান মোটামুটি জাতিসংঘের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানান তিনি। একই সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলার সময় যুদ্ধবিরতির আহ্বান জানান।
২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ চুক্তিকে স্বাগত জানিয়ে গ্রিনস্প্যান বলেছিলেন, ‘এমন এক বিশ্বের জন্য এটি সুসংবাদ, যে বিশ্বের এখন এ ধরনের সুসংবাদ প্রয়োজন।’ একই মাসে সুদানের যুদ্ধ বন্ধেও যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে গ্রিনস্প্যান বলেন, ‘শান্তির কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই শরণার্থী আমার বাবা-মা কোস্টারিকার মতো ছোট একটি দেশে সম্মান ও মর্যাদা নিয়ে আশ্রয় পেয়েছিলেন। আমি সেই শান্তিরই সন্তান, শান্তি কী সম্ভব করে তোলে তার একটি উদাহরণ।’
জাতিসংঘের মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য ভোট দেন। কোনো প্রার্থীকে অন্তত ৯টি সমর্থনসূচক ভোট পেতে হয়। তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটির বিরোধিতা থাকলে ওই প্রার্থী নির্বাচিত হতে পারেন না। স্থায়ী সদস্যরা লাল ব্যালট এবং নির্বাচিত ১০ সদস্য সাদা ব্যালটে ভোট দেন। ভোটের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না; বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র থেকে তা জানা যায়।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ১০০ দিনেরও বেশি সময় ধরে চলছে, যা জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম নির্বাচনপ্রক্রিয়া। আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে।
গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনি হবেন জাতিসংঘের প্রথম নারী মহাসচিব। একই সঙ্গে সংস্থাটির ইতিহাসে প্রথম ইহুদি মহাসচিব হিসেবেও দায়িত্ব নেবেন তিনি।

