etcnews
ঢাকাSaturday , 21 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম?

etcnews
November 21, 2026 12:10 pm
Link Copied!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের জন্য এশিয়া সফরের পুরো সময়জুড়েই আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত দুই নেতার দেখা হয়নি। ট্রাম্প যখন বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন, তখন কিম ছিলেন কখনো স্কি রিসোর্টে, কখনো পবিত্র পাহাড়ে, আবার কখনো নৌবাহিনীর বিশ্ববিদ্যালয়ে।চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এশিয়া সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ট্রাম্প। তবে কিমের সঙ্গে কোনো বৈঠক ছাড়াই তাকে ফিরতে হয়েছে।বার্তা সংস্থা এএফপির এক বিশ্লেষণে বলা হয়েছে, দুই নেতার এই অনির্ধারিত সাক্ষাৎ না হওয়ার পেছনে কূটনৈতিক প্রস্তুতির অভাব, যুক্তরাষ্ট্রের ওপর পিয়ংইয়ংয়ের অবিশ্বাস এবং উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থানসহ বেশ কয়েকটি বিষয় কাজ করেছে।

এবার যেন ভূমিকা বদলে গেছে
ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত বৈঠকসহ আগের শীর্ষ সম্মেলনগুলোর লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সীমিত করা। তবে কোনো চুক্তি হয়নি।হ্যানয়ের বৈঠক ভেস্তে যাওয়ার পর খালি হাতে দেশে ফিরেছিলেন কিম। ট্রেনে চড়ে তার সেই ফেরা ছিল প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ যাত্রা।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই কিমের সঙ্গে নতুন করে বৈঠকের আগ্রহ প্রকাশ করে আসছেন ট্রাম্প। গত বছর এশিয়া সফরের আগে পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগের উদ্যোগও নিয়েছিলেন তিনি। এমনকি উত্তর কোরিয়াকে ‘একধরনের পারমাণবিক শক্তিধর দেশ’ বলেও উল্লেখ করেছিলেন। তবে সেবার কোনো সাড়া মেলেনি।

গত মার্চে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী কিম মিন-সক জানিয়েছিলেন, ট্রাম্প মনে করেন কিমের সঙ্গে বৈঠক হলে তা ভালো হবে।

চলতি সপ্তাহে এশিয়া সফরে একাধিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথেও কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু উত্তর কোরিয়ার নেতা এ বিষয়ে নীরব থাকেন।

পরে ট্রাম্প ইঙ্গিত দেন, ব্যস্ততার কারণে বৈঠকের সময় বের করা সম্ভব হয়নি। এশিয়া থেকে ওয়াশিংটনে ফেরার পথে এনবিসি নিউজের সাংবাদিক গ্যাবে গুতিয়েরেসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যোগাযোগ রয়েছে, কিন্তু আমাদের দেখা হয়নি।’

ট্রাম্পের তথ্য অনুযায়ী, ‘অনেক বেশি বৈঠক ছিল। এটা সম্ভব হতো না।’ তবে তিনি যোগ করেন, ‘কোনো একসময় আমাদের সেই বৈঠক হবে।’

আসলেই কি সময়ের অভাব ছিল?

চলতি সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, কিম তার সঙ্গে দেখা করতে আগ্রহী। তবে বিশেষজ্ঞরা এ বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম উল-চুল এএফপিকে বলেন, ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পর্দার আড়ালে কোনো কার্যকর যোগাযোগ হয়েছিল বলে তিনি মনে করেন না।

লিমের মতে, হ্যানয়ের বৈঠক ভেস্তে যাওয়ার পর কিম সম্ভবত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে তার বোঝাপড়া থাকলেও যুক্তরাষ্ট্রের সরকারকে মৌলিকভাবে বিশ্বাস করা যায় না। সেখানে রিপাবলিকান বা ডেমোক্র্যাট যে দলই ক্ষমতায় থাকুক, পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয় না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আকস্মিক কূটনৈতিক উদ্যোগের প্রবণতার কারণে ওয়াশিংটন হয়তো আনুষ্ঠানিক পথে শীর্ষ বৈঠকের প্রস্তুতি নেয়নি।

দক্ষিণ কোরিয়ার দংগুক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কো ইউ-হোয়ান এএফপিকে বলেন, একটি যথাযথ শীর্ষ বৈঠকের জন্য অন্তত বিশেষ দূত বিনিময় এবং কর্মকর্তা পর্যায়ে আলোচনা প্রয়োজন।

তিনি বলেন, ‘এ ধরনের প্রস্তুতি ছাড়া ট্রাম্পের রাজনৈতিক সাফল্য বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত কোনো আলোকচিত্রের সুযোগ হিসেবে নিজেকে ব্যবহার করার কারণ কিমের থাকার কথা নয়।’

কী করলে আলোচনায় ফিরতে পারে পিয়ংইয়ং?

বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে বাস্তব পদক্ষেপ না নিলে ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার সম্ভাবনা কম পিয়ংইয়ংয়ের।

তবে ওয়াশিংটন এখনো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবিতে অনড়। ট্রাম্পের এশিয়া সফরের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়ার ‘সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের’ প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিশেষজ্ঞ লিম বলেন, ‘ট্রাম্প ব্যক্তিগতভাবে কিমের প্রতি সদিচ্ছা দেখিয়ে থাকতে পারেন। কিন্তু আমার মনে হয় না, যুক্তরাষ্ট্রের সরকার পর্যায়ে সংলাপ পুনরায় শুরুর জন্য বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি হয়েছে বলে কিম মনে করেন।’স্কি রিসোর্ট ও নৌবাহিনীর বিশ্ববিদ্যালয়ে কিম

ট্রাম্পের আহ্বানে সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে চলতি সপ্তাহে কিমের বিভিন্ন কর্মসূচির খবর প্রকাশ করা হয়। এর মধ্যে ছিল একটি স্কি রিসোর্ট ও পবিত্র মাউন্ট পেকতু পরিদর্শন। বুধবার তিনি নৌবাহিনীর একটি বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে সামুদ্রিক প্রতিরক্ষা জোরদারের ওপর গুরুত্ব দেন।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পকে উপেক্ষা করে দেশের অভ্যন্তরীণ ও প্রাদেশিক কার্যক্রমে মনোযোগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে তুলে ধরাকে কৌশল হিসেবে বেছে নিয়ে থাকতে পারেন কিম। পিয়ংইয়ংয়ে অবস্থান করে পুরোপুরি নীরব থাকার চেয়ে এই পদ্ধতিকে তিনি বেশি কার্যকর মনে করে থাকতে পারেন।

এ ছাড়া চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বাড়ায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটির আগ্রহও কমে থাকতে পারে।

অধ্যাপক কো ইউ-হোয়ান বলেন, ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাচ্ছে পিয়ংইয়ং। একই সঙ্গে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাও বাড়াচ্ছে দেশটি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও হ্যাকিং ও ক্রিপ্টোকারেন্সি চুরিসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর কোরিয়া অর্থ সংগ্রহ করে যাচ্ছে।

তবে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সরাসরি ‘না’ না বলায় ভবিষ্যতে দুই নেতার বৈঠকের সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করেন উত্তর কোরিয়া স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মু-জিন।

এএফপিকে তিনি বলেন, ‘মনে হচ্ছে, ট্রাম্প এখনো কিমের সঙ্গে দেখা করতে আগ্রহী। আর পিয়ংইয়ং এখনো সিদ্ধান্তহীন। তাই বৈঠকের সম্ভাবনা একেবারে নাকচ করা যাচ্ছে না।’

সূত্র : এএফপি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।