etcnews
ঢাকাSunday , 22 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

এক বছরের সাফল্যে আন্তর্জাতিক স্বীকৃতি, নতুন মেয়াদেও যুব বোর্ডে শ্রেয়া ঘোষ

etcnews
November 22, 2026 2:22 pm
Link Copied!

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক যুব নেতৃত্বের গুরুত্বপূর্ণ পরিসরে নিজের অবস্থান তৈরি করেছেন শ্রেয়া ঘোষ। শিশু অধিকার, নারীশিক্ষা, জনস্বাস্থ্য এবং তরুণদের ক্ষমতায়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এবারও তাঁর ওপর আস্থা রেখেছে নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কিডসরাইটসের উদ্যোগ ‘স্টেট অব ইয়ুথ’। ২০২৫-২৬ মেয়াদে সংগঠনটির যুব বোর্ডে প্রথম বাংলাদেশি সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর নতুন মেয়াদেও তাঁকে দায়িত্ব অব্যাহত রাখার আমন্ত্রণ জানানো হয়েছে।

একই আন্তর্জাতিক নেতৃত্বের কাঠামোয় পরপর দুই মেয়াদে কাজের সুযোগ পাওয়া শ্রেয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ অর্জন, তেমনি বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্বের ক্ষেত্রেও এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশেষ করে দায়িত্ব পালনের প্রথম বছরেই নিজের সক্রিয় অংশগ্রহণ ও বিভিন্ন উদ্যোগে অবদানের মাধ্যমে আন্তর্জাতিক প্ল্যাটফর্মটির আস্থা অর্জন করেছেন তিনি।

শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করে কিডসরাইটস। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদানকারী এই সংস্থার অন্যতম উদ্যোগ ‘স্টেট অব ইয়ুথ’ বিশ্বজুড়ে ১২ থেকে ২৯ বছর বয়সী তরুণদের সামাজিক পরিবর্তনের কাজে যুক্ত করে। তরুণদের নেতৃত্ব বিকাশ, অধিকার সচেতনতা এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

২০২৫ সালে সাত সদস্যের আন্তর্জাতিক যুব বোর্ড গঠনের সময় বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন শ্রেয়া ঘোষ। ইন্দোনেশিয়া, জিম্বাবুয়ে, মালাউই, কেনিয়া, যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিনিধিদের সঙ্গে বোর্ডে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক যুব নেতৃত্বের পরিসরে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন তিনি।

গত এক বছরে তাঁর দায়িত্ব কেবল বোর্ডের সদস্য হিসেবে অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কিডসরাইটসের বিভিন্ন বৈশ্বিক কর্মসূচি, নীতিনির্ধারণী আলোচনা এবং তরুণদের সম্পৃক্ততামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখেছেন শ্রেয়া। কিডসরাইটস সূচক, ‘পরিবর্তনের বীজ বপন’সহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের প্রকল্প তহবিল এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক পরিবর্তনকর্মী তহবিলের নির্বাচন প্রক্রিয়ায়ও কাজ করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রচারণা, কর্মশালা এবং তরুণদের নেতৃত্ব বিকাশের বিভিন্ন উদ্যোগে অংশ নিয়েছেন। বোর্ডের সদস্যদের সঙ্গে ‘পরিবর্তনকর্মীদের সাময়িকী’ চালুর উদ্যোগেও তাঁর অবদান রয়েছে।

আন্তর্জাতিক দায়িত্বের পাশাপাশি দেশের ভেতরেও শিশু ও তরুণদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন শ্রেয়া। তাঁর কাজের প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষা ও নিরাপত্তা, মাসিক স্বাস্থ্য, যৌন ও প্রজননস্বাস্থ্য শিক্ষা, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন।

উত্তর বাংলাদেশের ৪৪টি গ্রামে তরুণদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে মাসিক স্বাস্থ্য ও যৌন-প্রজননস্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা এবং সামাজিক সংকোচ দূর করতে তাঁর উদ্যোগে ৫০০-এর বেশি তরুণের কাছে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পৌঁছেছে।

শ্রেয়ার কাজের একটি উল্লেখযোগ্য দিক হলো সামাজিক সমস্যা নিয়ে গবেষণা এবং সেই গবেষণার ফলাফলকে জনসচেতনতা তৈরির কাজে ব্যবহার করা। মাসিক স্বাস্থ্য নিয়ে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে মেয়েদের অভিজ্ঞতা, সামাজিক প্রতিবন্ধকতা এবং তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা বিশ্লেষণ করেছেন তিনি। তাঁর গবেষণায় উঠে এসেছে, কীভাবে মাসিক নিয়ে সামাজিক কলঙ্ক, প্রচলিত ভুল ধারণা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্যের অভাব মেয়েদের শিক্ষা, আত্মবিশ্বাস ও দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। এসব বিষয় নিয়ে তাঁর লেখা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশনায় প্রকাশিত হয়েছে।

শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেও নিজস্ব উদ্যোগ গড়ে তুলেছেন শ্রেয়া। তাঁর প্রতিষ্ঠিত ‘শ্রেয়ার লার্নিং ক্লাসরুম’-এর মাধ্যমে এক হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত শিশু ও তরুণ বিনামূল্যে শেখার সুযোগ পেয়েছে। এই উদ্যোগে প্রচলিত পাঠদানের পাশাপাশি শিশুদের স্বাধীনভাবে চিন্তা করা, প্রশ্ন করা এবং নিজেদের মতামত প্রকাশে উৎসাহিত করা হয়।

শিশুদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। ইউনিসেফের শিশু সংসদ সদস্য এবং শিশু সাংবাদিক হিসেবে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক যুব, মানবাধিকার এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে যুক্ত রয়েছেন তিনি। বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক বৈষম্য, মেয়েদের নিরাপত্তা এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের অংশগ্রহণের মতো বিষয়গুলো তাঁর কাজের গুরুত্বপূর্ণ অংশ।

‘স্টেট অব ইয়ুথ’-এর যুব বোর্ডের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিভিন্ন দেশের তরুণ নেতৃত্বের মধ্যে সমন্বয় তৈরি করা। স্থানীয় শাখার নেতাদের সঙ্গে যোগাযোগ, তরুণদের উদ্যোগকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, অধিকারভিত্তিক প্রচারণায় অংশগ্রহণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে এই দায়িত্বে।

কিডসরাইটসের ২০২৫ সালের প্রভাববিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ওই বছর ২৯টি দেশে ‘স্টেট অব ইয়ুথ’-এর কার্যক্রম বিস্তৃত ছিল। ১৫৪টি শাখায় সাত হাজারের বেশি সক্রিয় সদস্যের সম্মিলিত উদ্যোগে প্রায় ৪ হাজার ৫০০টি কার্যক্রম পরিচালিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে বিশ্বজুড়ে প্রায় ৯০ হাজার শিশু, তরুণ ও প্রাপ্তবয়স্কের কাছে পৌঁছানো সম্ভব হয়েছিল।

এমন একটি বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হিসেবে শ্রেয়ার দায়িত্ব বাংলাদেশের তরুণদের অভিজ্ঞতা ও বাস্তবতাকে বৈশ্বিক আলোচনায় তুলে ধরার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে উত্তর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু, কিশোরী ও তরুণদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকারসংক্রান্ত সমস্যাগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

/কানিজ/তানজিল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।