জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্ক সফরে সফরসঙ্গী হয়েছেন সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও এ সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকছেন।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।সফরের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
উল্লেখ্য, ২০ নভেম্বর পর্যন্ত চলবে কপ৩১ সম্মেলন। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়ে আলোচনা হচ্ছে।

