ইবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। একইসাথে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) ইবিসাসের সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফুজ্জামান কোরবান ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ইবিসাস নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন ঘটনা, অনিয়ম ও সংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকি।
বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং দেশের সব সাংবাদিকের নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
/কানিজ/সৈকত

