etcnews
ঢাকাMonday , 29 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

etcnews
June 29, 2026 6:04 pm
Link Copied!

বাংলাদেশ ও জাপানের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং আধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল’ বাস্তবায়নে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, সরঞ্জাম এবং সক্ষমতা উন্নয়নে উভয় পক্ষ যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।এছাড়া দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতা আরও জোরদারের বিষয়েও একমত পোষণ করেন।বৈঠকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের নতুন সম্ভাবনাগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কৌশলগত ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।