etcnews
ঢাকাFriday , 26 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব শি জিনপিংয়ের

etcnews
June 26, 2026 5:54 pm
Link Copied!

বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডোর (ইকোনোমিক করিডোর) গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব উঠে আসে।

বৈঠক শেষে দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সংযোগ আরও শক্তিশালী হবে।’

মাহদী আমিন জানান, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। বন্দরের সক্ষমতা বাড়িয়ে এটিকে একটি আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। একই সঙ্গে মোংলা বন্দরকে আরও আধুনিক, দক্ষ ও সেবামুখী করে তুলতেও সহযোগিতার আগ্রহ দেখিয়েছে বেইজিং।

দ্বিপক্ষীয় বৈঠকে শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি, গণমাধ্যম, জ্ঞান বিনিময় এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। মুখপাত্র জানান, বাংলাদেশে তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন ভাষা শিক্ষা এবং কারিগরি ও ভোকেশনাল শিক্ষার উন্নয়নে চীন শিক্ষক ও অবকাঠামোগত সহায়তা দিতে আগ্রহী।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, রোবোটিক সার্জারি, হাসপাতাল স্থাপন এবং চিকিৎসাসেবায় সহযোগিতার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগও নেবে চীন।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে বৈঠকে। এ ইস্যুতে প্রয়োজনীয় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।

এছাড়া পররাষ্ট্র ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও নতুন অগ্রগতির কথা জানিয়ে মাহদী আমিন বলেন, প্রথমবারের মতো এ দুটি বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। ভবিষ্যতে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত সংলাপ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিকস জোটে যোগদানের বিষয়ে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করে দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিও উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।