ডিসি পদায়নের নামে তিন কোটি টাকার ভুয়া চেক দাতা সেই মির্জা সোবেদ আলী রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ছাড়া ভুয়া চেক দিয়ে ডিসি পদায়নসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজনের ছবির সাথে অশ্লীল ভিডিও তৈরি করে ফেসবুকে অপপ্রচার ও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সর্বশেষ কোতোয়ালি মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ময়মনসিংহের ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর জনপ্রশাসনের কর্মকর্তাদের বিতর্কিত করতে ৩ কোটি টাকার একটি ভুয়া চেক দিয়ে ডিসি পদায়নের চেষ্টা করেন দৈনিক প্রলয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এই সোবেদ আলী রাজা। যা প্রকাশ হলে প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপরই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে।
সম্প্রতি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক ও সাংবাদিক রেজাউল করিম রেজা এবং সাংবাদিক মনসুর আলম মুন্নার ছবি দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন প্রতারক চক্রের এ সদস্য।

