চীন ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ৮টি চুক্তি সই হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের সরকারি জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের মধ্যে বৈঠক শেষে এসব চুক্তি সই হয়।চীনা প্রধানমন্ত্রীর তিন দিনের সরকারি সফরে এসব চুক্তি সই হয়। গত সাত বছরের মধ্যে এটিই কোনো চীনা প্রধানমন্ত্রীর প্রথম থাইল্যান্ড সফর।
চুক্তিগুলোর আওতায় রয়েছে গাড়ি উৎপাদন, কারিগরি শিক্ষা, কৃষিপণ্য রপ্তানি, খাদ্য নিরাপত্তা, নিরাপত্তা সহযোগিতা, পরিমাপের মানদণ্ড এবং কনস্যুলার সেবা।চুক্তি অনুযায়ী, থাইল্যান্ডের জনপ্রিয় ফল ডুরিয়ান ও সালাক চীনে রপ্তানির প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি (ইভি), ব্যাটারি উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে দুই দেশ সহযোগিতা বাড়াবে।
এদিকে চীনের কাছে পাঁচ লাখ টন থাই চাল বিক্রির প্রস্তাব বাস্তবায়নে অগ্রগতি চেয়েছেন থাই প্রধানমন্ত্রী আনুতিন। এরই মধ্যে প্রাথমিকভাবে ৪০ হাজার টন চাল বিক্রি হয়েছে বলে জানিয়েছে থাই সংবাদমাধ্যম দ্য নেশন।
এসব চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হলো।
সূত্র: আনাদোলু এজেন্সি

