etcnews
ঢাকাSunday , 15 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে বন্ধ হচ্ছে কারখানা

etcnews
November 15, 2026 10:00 am
Link Copied!

শ্রমিকরা কাজে না ফিরলে এবং কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে আজ রোববার (১৫ নভেম্বর) থেকে বন্ধ রাখা হবে আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানাগুলো। চলমান শ্রম অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।সভায় বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন। সভায় অংশ নেওয়া অধিকাংশ মালিকই কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন বলে মত দেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সদস্যদের প্রায় সবাই মতামত দিয়েছেন, এই মুহূর্তে কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকেরা কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না।’তিনি আরও বলেন, ‘চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আগামীকাল ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখতে বাধ্য হবেন বলে মালিকেরা আমাদের জানিয়েছেন।’মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার এসব কারখানা আমাদের জাতীয় অর্থনীতি এবং রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই শিল্পগুলোকে রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।’

তিনি বলেন, ‘পোশাক খাতের উদ্যোক্তারা আন্তরিকভাবে আশা করেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের সার্বিক প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই সংকট উত্তরণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

কারখানা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারায় কোনো বাণিজ্য সংগঠন চাইলেই কোনো কারখানা বন্ধ করতে পারে না। সংশ্লিষ্ট কারখানাগুলো এই বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালাতে না পারার কারণে নিজেরাই বন্ধ করতে বাধ্য হচ্ছে।’

তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো সর্বোচ্চ চেষ্টা করে চালু রাখা হয়েছিল। তবে পরিস্থিতির কারণে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘আজ পর্যন্ত ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। তবে আজ ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এদের মধ্যে কোনো কারখানা চাইলে আগামীকাল ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আজ সব মিলিয়ে ১৪৭টি কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বিজিএমইএর একটি কারখানায় গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করেন।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।