যবিপ্রবি প্রতিনিধি:
আলোচনা সভা, পরিচয়পর্ব, সাংস্কৃতিক আয়োজন, নবীনবরণ ও বিদায় সম্মাননার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রংপুর অ্যাসোসিয়েশন অব জাস্টের নবীনবরণ ও বিদায় সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর জেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শনিবার (২৮শে নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কড়ইতলা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১০টায় নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা ও পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হামিদুর রহমান,বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের সহকারী অধ্যাপক মো. আনাস আলী মাইক্রোবায়োলজি (এমবি) বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম, এবং শারীরিক শিক্ষা প্রশিক্ষক রায়হান রাকিব।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. আনাস আলী বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় থাকা প্রয়োজন। একই জেলার শিক্ষার্থী হিসেবে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
প্রভাষক হাসনাইন আনজুম বলেন, রংপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
শারীরিক শিক্ষা প্রশিক্ষক রায়হান রাকিব বলেন, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা জরুরি। রংপুর জেলার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাঁরা সবার আগে সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন বলে আশ্বাস দেন তিনি।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরসালিন বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টা ও অপেক্ষার পর অবশেষে আমরা আমাদের রংপুর জেলা অ্যাসোসিয়েশনের প্রবীণদের বিদায় এবং নবীনদের বরণ করে নিতে পেরেছি। রংপুর জেলা অ্যাসোসিয়েশনকে ঘিরে আমাদের আরও অনেক পরিকল্পনা ও স্বপ্ন রয়েছে। খুব শীঘ্রই নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করব, ইনশাআল্লাহ।”
/কানিজ /রাব্বীল

