etcnews
ঢাকাSunday , 29 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শীতের সকালে ঘুম থেকে উঠেই যে ৫টি কাজ করা উচিত নয়

etcnews
November 29, 2026 6:36 pm
Link Copied!

শীতের সকালে লেপ-কম্বল ছেড়ে বিছানা থেকে ওঠা অনেকের জন্যই কষ্টকর। তবে ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়ো করে কিছু কাজ করার অভ্যাস বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও হৃদ্‌রোগে আক্রান্তদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। শীতের সকালে শরীরের রক্তনালি সংকুচিত হয়ে রক্তচাপ বেড়ে যেতে পারে। এ সময় হঠাৎ বিছানা ছেড়ে ঠান্ডা পরিবেশে যাওয়া, ঠান্ডা বাথরুমে গোসল করা কিংবা কনকনে সকালে ভারী ব্যায়াম শুরু করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীতের সকালে যে পাঁচটি অভ্যাস এড়িয়ে চলা ভালো, সেগুলো জেনে নেওয়া যাক।
১.ঘুম থেকে উঠেই হঠাৎ বিছানা ছেড়ে দাঁড়ানো
শীতের সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ার অভ্যাস এড়িয়ে চলা ভালো। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও উচ্চ রক্তচাপে আক্রান্তদের এ বিষয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

জাপানিজ সোসাইটি অব হাইপারটেনশনের ২০২৬ সালের মৌসুমি রক্তচাপ ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, শীতের সকালে ঠান্ডার সংস্পর্শে আসার পাশাপাশি ঘুম থেকে উঠে হঠাৎ চলাফেরা শুরু করলে রক্তচাপের ওপর প্রভাব পড়তে পারে। তাই বিছানা ছাড়ার আগে হালকা শরীরচর্চা করে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।এ বিষয়ে হাইপারটেনশন রিসার্চ সাময়িকীতে গত ৯ নভেম্বর প্রকাশিত ‘উইন্টার অ্যাওয়েকেনিং রুটিন ফর অ্যাটেনুয়েটিং দ্য মর্নিং ব্লাড প্রেসার সার্জ’ শীর্ষক সম্পাদকীয়তে ঘুম ভাঙার পর বিছানায় থেকেই ধীরে শ্বাস নেওয়া, হাত-পা প্রসারিত করা এবং পর্যায়ক্রমে বসে দাঁড়ানোর একটি পদ্ধতি তুলে ধরা হয়েছে।তাই সকালে ঘুম ভাঙলে প্রথমে কিছুক্ষণ স্বাভাবিকভাবে শুয়ে থাকুন। এরপর হাত-পা নাড়াচাড়া করে ধীরে বসুন। শরীর স্বাভাবিক মনে হলে বিছানা ছাড়ুন।

২. পর্যাপ্ত গরম পোশাক না পরে ঠান্ডা পরিবেশে যাওয়া

ঘুম থেকে উঠেই অনেকে পাতলা পোশাক পরে ঘরের বাইরে চলে যান। বিশেষ করে ভোরে হাঁটতে বের হওয়া, বারান্দায় দাঁড়ানো কিংবা ঠান্ডা পরিবেশে কাজ শুরু করার সময় শরীরের তাপমাত্রার পরিবর্তনকে গুরুত্ব দেন না।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মায়ো ক্লিনিকের প্রকাশিত ‘ব্লাড প্রেসার: ইজ ইট অ্যাফেক্টেড বাই কোল্ড ওয়েদার?’ শীর্ষক পরামর্শে বলা হয়েছে, শীতকালে সাধারণত রক্তচাপ গরমকালের তুলনায় বেশি থাকে। কারণ, ঠান্ডায় রক্তনালি সাময়িকভাবে সংকুচিত হয়। ফলে রক্ত চলাচলের জন্য বেশি চাপের প্রয়োজন হয়। বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তনে রক্তচাপের ওঠানামা বেশি দেখা যেতে পারে।

জাপানিজ সোসাইটি অব হাইপারটেনশনের নির্দেশনায়ও শীতের সকালে শরীরের উষ্ণতা ধরে রাখা, কয়েক স্তরের পোশাক পরা এবং ঘরের তাপমাত্রা উপযোগী রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তাই ঘুম থেকে ওঠার পর প্রয়োজন অনুযায়ী গরম পোশাক পরুন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগে আক্রান্তদের শরীর যথাসম্ভব উষ্ণ রাখা জরুরি।

৩. ঠান্ডা বাথরুমে গিয়ে অতিরিক্ত গরম পানিতে গোসল করা

শীতের সকালে গরম পানিতে গোসল অনেকের কাছেই স্বস্তিদায়ক। তবে ঠান্ডা বাথরুমে গিয়ে হঠাৎ অতিরিক্ত গরম পানিতে গোসল করা কিংবা দীর্ঘ সময় গরম পানিতে ডুবে থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে বয়স্ক ও হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

জাপানিজ সোসাইটি অব হাইপারটেনশনের ২০২৬ সালের নির্দেশনায় গোসলের আগে বাথরুম ও পোশাক পরিবর্তনের জায়গা উষ্ণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় অতিরিক্ত গরম পানির পরিবর্তে সহনীয় উষ্ণ পানি ব্যবহার, গোসলের সময় সীমিত রাখা এবং দীর্ঘ সময় পানিতে ডুবে থাকা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। সেখানে সাধারণভাবে পানির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের বেশি না রাখা এবং গোসলের সময় প্রায় ১০ মিনিটের মধ্যে সীমিত রাখার পরামর্শও রয়েছে।

তাই গোসলের আগে বাথরুমের পরিবেশ কিছুটা উষ্ণ করে নিন। অতিরিক্ত গরম পানি ব্যবহার না করে সহনীয় উষ্ণ পানিতে অল্প সময়ের মধ্যে গোসল শেষ করুন। অসুস্থ বোধ করলে বা শরীর দুর্বল থাকলে গোসলের বিষয়ে সতর্ক থাকুন।
৪.কনকনে সকালে বাইরে গিয়ে হঠাৎ ভারী ব্যায়াম শুরু করা

শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তবে শীতের সকালে ঘুম থেকে উঠেই কনকনে ঠান্ডায় বাইরে গিয়ে দৌড়ানো বা ভারী ব্যায়াম শুরু করা সবার জন্য উপযোগী নয়। বিশেষ করে যাঁদের হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ কিংবা শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে, তাদের সতর্ক থাকা প্রয়োজন।

জাপানিজ সোসাইটি অব হাইপারটেনশনের মৌসুমি নির্দেশনায় শীতের খুব ভোরে ও রাতে বাইরে ব্যায়ামের পরিবর্তে ঘরের ভেতরে শরীরচর্চা অথবা দিনের তুলনামূলক উষ্ণ সময়ে বাইরে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, শীতকালে শারীরিক সক্রিয়তা কমে যাওয়ার প্রবণতা থাকলেও নিয়মিত ব্যায়াম চালিয়ে যাওয়া জরুরি।

অন্যদিকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ঠান্ডা আবহাওয়ায় ব্যায়ামবিষয়ক নির্দেশনায় শরীরের সঙ্গে মানানসই পোশাক পরা, প্রয়োজনীয় ওয়ার্মআপ করা এবং আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা হলে ঘরের ভেতরে ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়েছে।

তাই শীতের সকালে ব্যায়াম করতে চাইলে প্রথমে ঘরের ভেতরে হালকা স্ট্রেচিং বা ওয়ার্মআপ করুন। বাইরে হাঁটা বা ব্যায়ামের জন্য দিনের তুলনামূলক উষ্ণ সময় বেছে নিন। দীর্ঘমেয়াদি কোনো রোগ থাকলে ব্যায়ামের ধরন ও সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করুন।

৫. রক্তচাপের সমস্যা থাকলেও নিয়মিত পরিমাপ ও ওষুধের বিষয়ে অবহেলা করা

শীতকালে উচ্চ রক্তচাপের রোগীদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। অনেকে নিয়মিত রক্তচাপ মাপেন না, আবার কেউ কেউ নিজের ইচ্ছায় ওষুধের মাত্রা পরিবর্তন করেন বা ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এ ধরনের অভ্যাস এড়িয়ে চলা জরুরি।

জাপানিজ সোসাইটি অব হাইপারটেনশনের সালের নির্দেশনায় শীতকালে বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর প্রস্রাব সেরে, ওষুধ গ্রহণের আগে এবং উষ্ণ পরিবেশে রক্তচাপ মাপার পরামর্শ দেওয়া হয়েছে।

মায়ো ক্লিনিকের পরামর্শেও বলা হয়েছে, ঋতু পরিবর্তনের সঙ্গে রক্তচাপের মাত্রায় পরিবর্তন দেখা গেলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া রক্তচাপের ওষুধের মাত্রা বাড়ানো, কমানো কিংবা বন্ধ করা যাবে না।

তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁরা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নিয়মিত রক্তচাপ মাপুন এবং নির্ধারিত ওষুধ গ্রহণ করুন। রক্তচাপের মাত্রায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

শীতের সকালে সতর্ক থাকুন

শীতের সকালে ঘুম থেকে ওঠার পর শরীরকে স্বাভাবিক অবস্থায় মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া ভালো। হঠাৎ বিছানা ছেড়ে দাঁড়ানো, ঠান্ডা বাথরুমে গিয়ে অতিরিক্ত গরম পানিতে গোসল করা কিংবা কনকনে সকালে ভারী ব্যায়াম শুরু করার মতো অভ্যাস এড়িয়ে চলা উচিত। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগে আক্রান্তদের বাড়তি সতর্কতা প্রয়োজন। সামান্য সচেতনতা, উপযোগী জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যপর্যবেক্ষণ শীতের দিনগুলোতে সুস্থ থাকতে সহায়তা করতে পারে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।