তামাকমুক্ত তারুণ্য গড়ে তুলতে তরুণ প্রজন্মকে উদ্ভাবন, খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, তরুণদের তামাক থেকে দূরে রাখতে শুধু মৌখিক বক্তব্য নয়, বরং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।রোববার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ইয়ুথ ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত ‘তামাকের ক্ষতি থেকে তরুণদের সুরক্ষা: করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা, আইডিয়া জেনারেশন ও স্টার্টআপ ফান্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভালো উদ্ভাবনী ধারণা থাকলে সরকারি অর্থায়নে তা বাস্তবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে ভালো ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে জামানত ছাড়াই সরকারি তহবিল নিয়ে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
সুস্বাস্থ্য, সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের সঙ্গে তামাকমুক্ত জীবনযাপনের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সম্মিলিতভাবে তামাকমুক্ত তারুণ্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।তামাক নিয়ন্ত্রণ ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে সমন্বিত সামাজিক উদ্যোগ প্রয়োজন। সরকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। তবে পরিবারে অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা যাতে তামাকজাত পণ্যের প্রতি আকৃষ্ট না হয়, সে জন্য সবাইকে মিলে ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ। এই আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি কৌতূহল, বন্ধুত্বের প্রভাব কিংবা সামাজিক চাপের কারণে তরুণদের তামাকের প্রতি ঝুঁকে পড়া ঠেকাতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে চান, তরুণ প্রজন্ম যেন কোনোভাবেই তামাকের সংস্পর্শে না আসে। এ জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এ ছাড়া জানুয়ারি থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন বিষয় হিসেবে যুক্ত করা হচ্ছে।
সহশিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাব, স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রম উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি বছরজুড়ে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কিরাত, চিত্রাঙ্কন, সংগীত ও সংস্কৃতিচর্চার মতো ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু ভালো ফলাফল বা সনদ অর্জন নয়, বরং শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেন মাহদী আমিন। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে ইন্টারপারসোনাল স্কিলস, টিমওয়ার্ক এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা মূল্যে ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।
উচ্চশিক্ষার পাঠ্যক্রমে দুটি বিষয় বাধ্যতামূলক করার উদ্যোগের কথাও জানান তিনি। এর একটি ‘মূল্যবোধ ও নীতিমালা’, যেখানে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি তামাক থেকে দূরে থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। অন্যটি ‘ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন’, যেখানে জীবনবৃত্তান্ত তৈরি, সাক্ষাৎকারে অংশগ্রহণ ও যোগাযোগ দক্ষতা শেখানো হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ক্রমে ক্যারিয়ার সার্ভিস অফিস ও নিয়মিত চাকরি মেলার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
তামাকবিরোধী লড়াইয়ে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে মাহদী আমিন বলেন, বাল্যবিবাহ, অ্যাসিড সন্ত্রাস ও শিশুশ্রম প্রতিরোধে যেভাবে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষায়ও তেমন সমন্বিত আন্দোলন প্রয়োজন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বাস করে, দেশকে এগিয়ে নিতে তরুণ-তরুণীদের সর্বোচ্চ ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তরুণদের ক্ষমতায়নই বাংলাদেশের ক্ষমতায়ন। তরুণরা যত ভালো থাকবেন, দেশও তত ভালো থাকবে।রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তরুণ জনশক্তি উল্লেখ করে তিনি বলেন, তাত্ত্বিক, বাস্তবিক ও পরিসংখ্যানগত সব বিবেচনাতেই তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। আগামী দিনের নীতিনির্ধারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ের মতো জুলাই গণঅভ্যুত্থানেও তরুণ-তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতির আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার বড় অংশই এই তারুণ্যকে ঘিরে।
তামাক নিয়ন্ত্রণে ‘নারী মৈত্রী’র দাবি ও প্রত্যাশার সঙ্গে একমত পোষণ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সংগঠনটির দাবিগুলো বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। তামাকের বিরুদ্ধে সরকারের সুস্পষ্ট অবস্থান রয়েছে। ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে যে তরুণ প্রজন্ম, তাদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা জরুরি।
সঠিক নীতি প্রণয়নের পাশাপাশি এর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে মাহদী আমিন বলেন, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনের সুযোগ রয়েছে। তবে তা যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সে জন্য কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে এ নিয়ে কাজ চলছে।
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যক্রম সম্পর্কে তিনি জানান, আগামী জানুয়ারি থেকে ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি সপ্তম থেকে দশম শ্রেণিতেও চালু হবে। পাশাপাশি সপ্তম থেকে দশম শ্রেণির পাঠ্যক্রমে তামাকের ক্ষতিকর দিক ও সচেতনতামূলক বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি। পাঠ্যপুস্তকে এসব বিষয় যুক্ত হলে শিক্ষার্থীদের মধ্যে শুরু থেকেই সচেতনতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং অ্যান্টি-টোব্যাকো উইমেন এমপিস ফোরামের ভাইস-চেয়ারপারসন মাহমুদা হাবিবা ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।

