যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালাতে পারবা না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সাথে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম. এ. আরাফাত! আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যতো ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
ফেসবুক পোস্টে শেখ হাসিনার সাম্প্রতিক একটি ফেসবুক লাইভের অডিও বার্তার প্রসঙ্গ তুলে ধরে রাশেদ খান বলেন, গতকাল (২৮ নভেম্বর) রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছে, আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই…. পরবর্তীতে আরেক জায়গায় বলেছে, সুযোগ পেলে যাবো! কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটি বারের জন্যও স্পষ্ট করে বলে নি! এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।এ সময় আগুনসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারবা না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধে ধরন বুঝিয়ে দিয়েছে..।

