পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস তৈরি এবং ব্যক্তিত্বের বিকাশে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা ইংরেজি চর্চাভিত্তিক প্ল্যাটফর্ম ‘English Nexus’।
পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলা, পড়া ও লেখার দক্ষতা অর্জনের পাশাপাশি শব্দভান্ডার সমৃদ্ধ করা এবং উপস্থাপনা দক্ষতা বাড়াতে কাজ করছে সংগঠনটি। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং ইতিবাচক জীবনযাপনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে তারা।
এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (বিবিএ) ভবনের ১০৪ নম্বর কক্ষে ‘Positive Lifestyle’ শীর্ষক একটি বিশেষ সেশনের আয়োজন করে English Nexus। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন Quantum Foundation-এর Senior Organizer ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল।
সেশনে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখা, মানসিক চাপ মোকাবিলা, ইতিবাচক চিন্তাভাবনা, আত্মউপস্থাপন এবং মেডিটেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাইন্ড ট্রেনিং ও মেডিটেশনের মাধ্যমে কীভাবে চিন্তাভাবনা নিয়ন্ত্রণ এবং মনোযোগকে ইতিবাচকভাবে পরিচালনা করা যায়, সে বিষয়েও শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খানসহ আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতা করে Quantum Foundation-এর Barishal Branch।
আয়োজকরা জানান, English Nexus কেবল ইংরেজি ভাষা চর্চার প্ল্যাটফর্ম নয়; বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, ইতিবাচক ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার একটি সম্মিলিত উদ্যোগ। ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ব্যক্তিত্বের উন্নয়ন এবং সুস্থ চিন্তাচর্চার পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
/কানিজ/মুশতাক

