ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা অব্যাহত থাকার মধ্যে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল সরবরাহ চুক্তির সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, ওয়াশিংটন রাশিয়ার প্রতি পক্ষপাত দেখাচ্ছে।পিয়ার্স মরগান আনসেন্সরড’ অনুষ্ঠানে জেলেনস্কি ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন। একই সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় নিরপেক্ষ থাকার দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অবস্থান বজায় রাখছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন আমাদের পক্ষ না নিয়ে অন্য একটি পক্ষ বেছে নেন, তখন তা খুব কষ্টদায়ক। আমি মনে করি, তার উপদেষ্টারা তাকে ভুল পরামর্শ দিচ্ছেন। কে তাকে এভাবে প্রভাবিত করছেন, তা আমি জানি না। তবে ইতিহাসের বিচারে তার এই অবস্থান সঠিক নয়।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহের একটি সমঝোতার কথা জানান ট্রাম্প। তার দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ বাড়িয়ে দাম কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে সরাসরি জ্বালানি সরবরাহের জন্য এই চুক্তি করা হয়নি বলেও জানান তিনি।ওয়াশিংটনের সমালোচনা করলেও জেলেনস্কি জানান, উত্তেজনা কমাতে ইউক্রেন জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখার উদ্যোগে সম্মতি দিয়েছিল। তবে সীমিত সময়ের এই যুদ্ধবিরতিকে তিনি ‘শান্তির সবচেয়ে খারাপ রূপ’ বলে উল্লেখ করেন।
জেলেনস্কির দাবি, ইউক্রেন তিন দিন ধরে জ্বালানি স্থাপনায় হামলা চালানো থেকে বিরত ছিল। কিন্তু রাশিয়া ইউক্রেনের অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে। তার ভাষ্য অনুযায়ী, রাতভর রুশ হামলায় অন্তত ছয় লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
সূত্র: শাফাক নিউজ

