ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ‘ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নম্বর কক্ষে বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফলিত রসায়ন বিভাগের সভাপতি ড. মামুন আল রশীদের সভাপতিত্বে উক্ত বিভাগের শিক্ষক ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. হাফিজুর রহমান,
অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের লেকচার ড. আমিনুর রহমান, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের করপোরেট এইচআর সাজ্জাদুর রহমান সজীব, এসআইবিইউআর বাংলাদেশের সেলস ম্যানেজার মাহমুদ হাসান জুবায়ের, কোয়ালিটি কমপ্লায়েন্স হেলথকেয়ার লিমিটেডের ডেপুটি ম্যানেজার শাহনাওয়াজ রাশিদ, ইলেকটোরাল অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস চাঁপাইনবাবগঞ্জের মনিরুজ্জামান মিলন-সহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফলিত রসায়ন বিভাগের শিক্ষক ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. হাফিজুর রহমান বলেন, “অ্যালামনাইদের অভিজ্ঞতা ও বর্তমান শিক্ষার্থীদের সম্ভাবনার মধ্যে সংযোগ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের অর্জিত অভিজ্ঞতা যেন বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় সহায়ক হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
বিভাগের সভাপতি ড. মামুন আল রশিদ বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে এ ধরনের ক্যারিয়ারভিত্তিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে এ ধরনের উদ্যোগে বিভাগ সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি সামিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

