ডিআইইউ প্রতিনিধি:
শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং নতুন ব্যবসা গড়ে তোলার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘উদ্যোক্তা বুটক্যাম্প’।
আগামী ৬ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এসটিসিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করছে প্রেনিউর ল্যাব।
বুটক্যাম্পে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, নতুন উদ্যোগ গড়ে তোলার কৌশল, ব্যবসার প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অভিজ্ঞ উদ্যোক্তা ও শিল্পখাতের বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা লাভের সুযোগ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের ব্যবসায়িক ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পাবেন। একই সঙ্গে সমমনা শিক্ষার্থী ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগও তৈরি হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বুটক্যাম্পে শুধু ডিআইইউ বিজনেস ক্লাবের সাধারণ সদস্যরা নিবন্ধন করতে পারবেন। যেসব শিক্ষার্থী ইতোমধ্যে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিবন্ধন ফরমে সঠিক তথ্য প্রদান করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত অংশগ্রহণকারীদের ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করা হবে।
বুটক্যাম্পে অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না। অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে এবং তাঁদের অংশগ্রহণের সনদ দেওয়া হবে।
আগ্রহী সাধারণ সদস্যরা নির্ধারিত অনলাইন নিবন্ধন ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
/কানিজ/ঋতু

