etcnews
ঢাকাSunday , 19 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

etcnews
July 19, 2026 1:23 pm
Link Copied!

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী নৌকাডুবিতে তিন দিন সাগরে ভেসে থাকার পর পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুও রয়েছে। রোববার দেশটির উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।গত বুধবার বড় দ্বীপ সুলাওয়েসির দক্ষিণে সেলায়ার দ্বীপের কাছে ৭০ জনের বেশি আরোহী নিয়ে চলা নৌকাটি ডুবে যায়।উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা আগে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ২৫ জনের একটি দলের সঙ্গে ছিলেন। তবে প্রবল বাতাস ও উত্তাল সাগরের কারণে তারা অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, নৌকাডুবির পর তারা হাতে পাওয়া জেরিক্যান, কর্কের টুকরোসহ বিভিন্ন ভাসমান বস্তু দড়ি দিয়ে বেঁধে একটি অস্থায়ী ভেলা তৈরি করেন। সেটির সাহায্যে তারা তিন দিন সাগরে ভেসে ছিলেন।তিনি বলেন, শনিবার বিকেলে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন এবং রেডিও বার্তার মাধ্যমে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।আরিফ জানান, কয়েক দিন পর্যাপ্ত খাবার ও পানীয় ছাড়া সাগরে ভেসে থাকায় তারা অত্যন্ত ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছিলেন। তবে সঙ্গে থাকা ইনস্ট্যান্ট নুডলস ও বিস্কুট খেয়ে তারা বেঁচে থাকতে সক্ষম হন।

তিনি আরও জানান, এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। এ কাজে পাঁচটি বড় জাহাজ, একটি অনুসন্ধানী বিমান ও একটি হেলিকপ্টার মোতায়েন রয়েছে।

উদ্ধারকারীরা জানান, নৌকাটির যাত্রী তালিকায় ৫০ জনের নাম থাকলেও পরে যাচাই করে দেখা যায়, এতে মোট ৭৮ জন আরোহী ছিলেন।

ইন্দোনেশিয়ায় নৌযানে প্রকৃত যাত্রীর সংখ্যা ও সরকারি তালিকার মধ্যে অমিল প্রায়ই দেখা যায়। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে নৌ দুর্ঘটনা নিয়মিত ঘটে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পূর্ব ইন্দোনেশিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় তিনজন স্প্যানিশ পর্যটক নিহত হন। ওই ঘটনায় উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ১০ বছর বয়সী এক শিশুকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।