দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। দেশের বাইরে থাকলেও সংগীতচর্চায় একটুও ভাটা পড়েনি তার। নিয়মিত নতুন গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে সংযোগ ধরে রেখেছেন এই শিল্পী। সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন নতুন গান ‘মন ভালো নেই’।
জানা গেছে, গানটি শিগগিরই প্রকাশিত হবে এফএ মিউজিক-এর ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে গানটির প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রেম, আবেগ আর অনুভূতির মিশেলে তৈরি এই গানটি নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা।মন ভালো নেই’ গানের কথা লিখেছেন গীতিকার ফারুক আনোয়ার। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। কথার গভীরতা ও সুরের আবহ মিলিয়ে গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলেই বিশ্বাস এস আই টুটুল।
নতুন গান প্রসঙ্গে এস আই টুটুল বলেন, “কথা ও সুর মিলিয়ে দারুণ একটি গান তৈরি হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করছি, সবার ভালো লাগবে।”সংগীতাঙ্গনে এস আই টুটুলের রয়েছে দীর্ঘদিনের সফল ক্যারিয়ার। আধুনিক গান, চলচ্চিত্রের প্লেব্যাক ও ব্যান্ড সংগীতে সমান জনপ্রিয় এই শিল্পী একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও বাংলা গানের প্রতি তার ভালোবাসা ও কাজের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে থেকেও নতুন নতুন গান নির্মাণে মনোযোগী এস আই টুটুল। তার ভাষায়, ভৌগোলিক দূরত্ব কখনোই সংগীতের সঙ্গে সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে না। বরং বিশ্বের যেকোনো প্রান্তে বসেই বাংলা গানকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়াই তার লক্ষ্য।আসন্ন গান ‘মন ভালো নেই’ সেই যাত্রারই নতুন সংযোজন। গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন শিল্পী ও সংশ্লিষ্টরা।

