নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর এ বিষয়ে গেজেট প্রকাশ করবে সরকার। একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতন, বেতন অনুপাত, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতা কাঠামোর পরিবর্তনের বিষয়ও চূড়ান্ত করা হচ্ছে।অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার পর সচিব কমিটি কয়েকটি বিষয়ে সংশোধনের প্রস্তাব দিয়েছে। কমিশন প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করলেও সচিব কমিটি সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে সর্বনিম্ন মূল বেতনও কিছুটা কমানোর বিষয়ে আলোচনা চলছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। বেতন কমিশন যেখানে ১:৮ অনুপাতের সুপারিশ করেছে, সেখানে সচিব কমিটি তা কমিয়ে ১:৭ দশমিক ৫ করার পক্ষে মত দিয়েছে। বর্তমানে এই অনুপাত রয়েছে ১:৯ দশমিক ৪।সূত্র বলছে, নতুন মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রের খবর, নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে কী পরিবর্তন আসছে
বর্তমানে সব গ্রেডে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর রয়েছে। তবে নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাবে গ্রেডভেদে ভিন্ন হারে ইনক্রিমেন্ট নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী—
– ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ বহাল থাকবে।
– পঞ্চম গ্রেডে ইনক্রিমেন্ট হবে ৪ শতাংশ।
– তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ।
– দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ।
– প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে।
ভাতা কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব
নতুন পে-স্কেলে বিভিন্ন ভাতার ক্ষেত্রেও জাতীয় বেতন কমিশনের সুপারিশ আংশিক সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী চিকিৎসা ভাতা ৫ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা এবং শিক্ষা ভাতা ২ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের আলোচনা চলছে।
এদিকে নতুন পে-স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সে ক্ষেত্রে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং ঝুঁকিভাতার মতো সুবিধাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।

