etcnews
ঢাকাMonday , 6 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, তবুও প্রিয় দলের পাশে তারকারা

etcnews
July 6, 2026 5:14 pm
Link Copied!

আজ ব্রাজিল ভক্তদের মন ভালো নেই। এক সমুদ্র কষ্ট আর বুকভরা হাহাকার নিয়ে যেন ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেসাওরা। তবে ভাগ্যের এই অকাল পরিহাস আর পরাজয়ের বেদনা নিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র। বিদায়ের এই ক্ষণে আজ অশ্রুসিক্ত কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থকরা। মাঠের ভেতর নেইমারের চোখের জল দেখে কেঁদে উঠেছে বিশ্বের আনাচে-কানাচে থাকা তাঁর কোটি কোটি ভক্ত-অনুরাগী। ব্রাজিলের এই হৃদয়বিদারক বিদায় আর নেইমারের প্রস্থান ছুঁয়ে গেছে এদেশের শোবিজ তারকাদের মনও।ব্রাজিলের এই বিদায়ের পর তারকাদের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলগুলো ভরে উঠেছে আবেগঘন পোস্টে। প্রিয় দলের এমন হার এবং প্রিয় তারকার বিদায়ে নিজেদের কষ্ট ও ভালোবাসা প্রকাশ করেছেন তারা, যা দেখে ব্যথিত সাধারণ ভক্তরাও।ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের এমন পরাজয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়া এবং নেইমারের অবসরের ঘোষণায় তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নেইমারের একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, ‘একটি যুগের সমাপ্তি। ধন্যবাদ, নেইমার জুনিয়র, ব্রাজিলের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য।‘

হলুদ জার্সি গায়ে দিলেই যে মানুষটার কথা সবার আগে মনে পড়ে, তিনি নেইমার—এমনই এক আবেগঘন কথা বলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বিশ্বাস করেন, কিছু খেলোয়াড় ট্রফি দিয়ে নয়; বরং স্মৃতি দিয়েই ফুটবল ইতিহাসে নিজেদের নাম লিখে যান। আর নেইমার জুনিয়র তাদেরই একজন।নেইমারের এই অশ্রুসিক্ত বিদায়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে মাহি বলেন, ‘তোমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক আঘাত এসেছে, অনেক স্বপ্ন ভেঙেছে। তবুও যখনই ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছ, প্রতিটা ম্যাচে হৃদয় উজাড় করে খেলেছ। হয়তো বিশ্বকাপ ট্রফিটা তোমার হাতে উঠল না, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে তুমি চিরকাল একজন কিংবদন্তি হয়েই থাকবে। ধন্যবাদ, নেইমার।‘

এদিকে ম্যাচের আগে ব্রাজিলের জয় নিয়ে কোনো চিন্তাই ছিল না ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ফুরফুরে মেজাজে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। হিমি লিখেছিলেন, ‘ম্যাচের টেনশন? সেটা তো প্রতিপক্ষ করবে। আমি তো চিল করছি!’ তবে ট্র্যাজিক পরাজয়ের পর ব্রাজিলের এই ভক্তকে সামাজিক মাধ্যমে আর নতুন কোনো পোস্ট করতে দেখা যায়নি।

ব্রাজিলের আরেক কট্টর সমর্থক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। প্রিয় দল বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এবং প্রিয় তারকা নেইমারের এমন বিদায়ের ধাক্কা যেন ছুঁয়ে গেছে তাকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের বিদায়লগ্নে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

ম্যাচ চলাকালীন সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় থাকলেও, ব্রাজিলের এমন আকস্মিক বিদায়ের পর আর কোনো পোস্ট করতে দেখা যায়নি জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক মৌসুমী মৌ-কে। খেলার প্রথমার্ধে চরম উত্তেজনার মুহূর্তে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন, ‘আজকে হার্ট অ্যাটাক হয়ে যাবে…।’

তবে এরপর প্রিয় তারকা নেইমারকে মাঠে দেখায়, যেন স্বস্তি ফিরে আসে মৌসুমীর মনে। সব ভয় কেটে যাওয়ার পর তিনি আবারো পোস্ট করে লেখেন, ‘যাক, নেইমারকে পাওয়া গেল…।’ কিন্তু ম্যাচ শেষে সেই ট্র্যাজিক পরিণতি ব্রাজিলের বিদায়ের পর এই উপস্থাপকের ওয়ালে যেন ভর করেছে এক গভীর নীরবতা। এরপর আর নতুন কোনো পোস্ট দেখা যায়নি ।

জনপ্রিয় গায়িকা পড়শী বিশ্বমঞ্চে সুন্দর সব মুহূর্ত উপহার দেওয়ার জন্য ব্রাজিল দলকে ধন্যবাদ জানায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সবসময় ব্রাজিল। অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, ব্রাজিল।’ শুধু নিজের প্রিয় দলই নয়, ফুটবলপ্রেমী পড়শী ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিও সম্মান জানিয়ে লিখেছেন, ‘রোনালদো ও মেসির জন্য শুভকামনা। ফুটবল আমাদের আরেকটি সুন্দর অধ্যায় উপহার দিক।’

অন্যদিকে, ব্রাজিলকে চিরকাল নিজের হৃদয়ে বহন করার অঙ্গীকার করেছেন ছোট পর্দার পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। ব্রাজিলের জার্সি গায়ে, চোখে ছলছল জল নিয়ে নিজের কান্না লুকিয়ে এই অভিনেত্রী লিখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সাথেই থাকব।‘

এদিকে ব্রাজিলের এমন বিদায়ের পরও একদমই আশাহত নন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ২০২৬-এর এই মিশন ব্যর্থ হলেও, পরের বারের জন্য এখনই আশায় বুক বেঁধে আছেন তিনি। সামাজিক মাধ্যমে সাফা লিখেছেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম!’

তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. সাইদুর রহমান পাভেল ব্রাজিলের বিদায়ে যেন একটু বেশিই দুঃখ পেয়েছেন। ম্যাচে ব্রাজিলের বারবার সহজ গোল মিস করার হতাশায় সামাজিক মাধ্যমে রসাত্মক এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘এতগুলা সুযোগ পাইলে মানুষ ৩/৪টা বিয়া করতো…!’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।