পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হচ্ছে টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ। আগামী ২৬ আগস্টের সাধারণ ছুটির সঙ্গে একদিনের ছুটি সমন্বয় করতে পারলেই মিলবে এই দীর্ঘ অবকাশ। একই সঙ্গে সাধারণ ছুটির আওতায় সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি সেবাখাতের কর্মীরা এ সুবিধার বাইরে থাকবেন।চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। তবে এ ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টিও বিবেচ্য।
যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির পর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকে। তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এ ছুটি প্রযোজ্য হয় না। এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং দায়িত্ব পালনকারী কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।অন্যদিকে, ব্যাংক খোলা থাকবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালত খোলা বা বন্ধ থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

