সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও দেখা গেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর একসঙ্গে থাকার ভিডিওটির আবহে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’।এ নিয়ে মঙ্গলবার (২৩ জুন) দিনভর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হলেও বিষয়টি সম্পর্কে একদমই জানতেন না গায়ক হাবিব। তবে যখন জানতে পেরেছেন, তখন বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৪ জুন) প্রকাশিত দেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হাবিব।এ গায়ক বলেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন হাতে নিয়ে বিভিন্ন পরিচিতদের পাঠানো লিংক দেখতে পাই। পরে কৌতূহল থেকে লিংকে ক্লিক করে দেখতে পাই ভিডিওটি। এমন ভিডিওতে আমার গান শুনে অবাক হয়েছি।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে, যা আমার জন্য আনন্দের। একইসঙ্গে বিষয়টি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। দুই দেশের সম্পর্কের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সফরে আমার গান ব্যবহার করায় নিজেকে সম্মানিত বোধও করছি। সত্যি বলতে আমি ভাগ্যবান বলে মনে করছি নিজেকে।
এদিকে এ ব্যাপারে আগে থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলেও জানিয়েছেন সংগীত তারকা হাবিব। তিনি বলেন, এটি নিয়ে কেউ আমার সঙ্গে কথাও বলেনি, আমি নিজেই অবাক হয়েছি। আর ভিডিওতে ‘মহাজাদু’ গানটি বেছে নেয়ার কারণ সম্পর্কে জানান―তার ধারণা, সংশ্লিষ্টদের কাছে গানটি হয়তো ভালো লেগেছে, এ কারণেই ব্যবহার করা হয়েছে গানটি।
সম্প্রতি হাবিবের প্রকাশিত নতুন গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। আর বর্তমানে নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ গায়ক।

